পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকা ও নরসিংদী জেলার পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানকে এক কোটি ৭৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে শুধু পাকিজা ডাইং কারখানাকে বিষাক্ত বর্জ্য কর্ণপাড়া খাল হয়ে ধলেশ্বরী নদীতে ফেলার অপরাধে এক কোটি ৫২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাভারের ছোটবলি এলাকায় অবস্থিত ওই কারখানাটির বর্জ্য পরিশোধনযন্ত্র (ইটিপি) বন্ধ অবস্থায় পাওয়া যায় এবং কারখানা কর্তৃপক্ষ তাদের বর্জ্য একটি নালার মাধ্যমে কর্ণপাড়া খালে ফেলছিল।
ইটিপি বন্ধ রেখে ডাইং কারখানার পানি সরাসরি তুরাগ নদে ফেলার দায়ে সাভারের জে কে ফেব্রিক্সকে পাঁচ লাখ টাকা ও একই অপরাধে আশুলিয়ার কাইস্যাবাড়ী এলাকায় অবস্থিত লোটাস কামাল নিটওয়্যার লিমিটেডকে নয় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গাজীপুর জেলায় ইটিপি ছাড়া ডাইং কারখানা পরিচালনা করে পরিবেশদূষণের দায়ে অ্যাডমিরাল ডেনিম ওয়াশিং লিমিটেডকে আট লাখ টাকা এবং এফ জি এস লন্ড্রি লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের তলব করে শুনানি করেন।
পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুনানিতে অংশগ্রহণকারী দূষণকারী প্রতিষ্ঠানগুলোর মালিক ও প্রতিনিধিরা তাঁদের অপরাধ স্বীকার করে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।