প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা পরিবেশে ইফতারসামগ্রী তৈরি ও নিম্নমানের খাবার তৈরির অপরাধে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে অভিযান চালিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত পাঁচটি প্রতিষ্ঠানকে মোট সাত লাখ টাকা জরিমানা করেছে। বিএসটিআইয়ের নিবন্ধন ছাড়া দই তৈরির অপরাধে মগবাজারের কস্তুরী রেস্তোরাঁকে ও মৌচাকের রাঁধুনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। নোংরা পরিবেশে খাবার তৈরি করার অপরাধে বড় মগবাজারের থ্রি স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ক্যাফে গ্রান্ড রেস্টুরেন্ট ও সোহাগ স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবেদা আফসারী এই আদালতের নেতৃত্ব দেন। বিএসটিআইয়ের পরিদর্শক জাহিদুর রহমান ও সাইদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।