বিভিন্ন অনিয়মের দায়ে চট্টগ্রামের বন্দর ও কোতোয়ালি থানাধীন একটি রোগনির্ণয় কেন্দ্র ও চারটি খাবার হোটেল থেকে গত দুই দিনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাবের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিমেরা পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের হাকিম যূথিকা সরকার বন্দর থানাধীন ইপিজেড মোড়ের সি ভিউ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। প্রতিষ্ঠানের রেজিস্ট্রার সংরক্ষণ না করা ও বিভিন্ন পরীক্ষার মূল্যতালিকা না থাকার অপরাধে পরিচালক মো. তৌহিদুল আনোয়ারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, গতকাল সোমবার সকালে র্যাব-৭ এর সদস্যদের নিয়ে জেলার নির্বাহী হাকিম আব্দুল্লাহ মোহাম্মদ আরিফ কোতোয়ালি থানাধীন বিভিন্ন হোটেলে অভিযান চালান। লাইসেন্সবিহীন এসব হোটেলে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে হোটেল জামান অ্যান্ড বিরিয়ানি হাউস থেকে সাত হাজার, হোটেল ব্রিজ থেকে পাঁচ হাজার, হোটেল জমজম থেকে পাঁচ হাজার এবং ক্রাউন হোটেল থেকে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।