পাঁচ প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার প্রিমিয়ার সুইটসের কারখানার ভেতরে শৌচাগার। প্রতিষ্ঠানটিতে দই-মিষ্টি তৈরির পর খোলা অবস্থায় শৌচাগারের পাশেই রাখা। এ ছাড়া সোনালি বেকারি, মমতাজ বেকারি, হক বেকারি অ্যান্ড ফুডস এবং দয়াল বেকারির কারখানায় কেক-বিস্কুট ও পাউরুটিতে মেশানো হতো কাপড় তৈরির রং ও মেয়াদোত্তীর্ণ সুগন্ধি।
আজ সোমবার দুপুরে র্যাব-২–এর ভ্রাম্যমাণ আদালত এসব কারখানায় অভিযান চালিয়ে এসব দৃশ্য দেখতে পান। অপরাধ স্বীকার করায় এই প্রতিষ্ঠানগুলোর ১৪ কর্মকর্তাকে সাত লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের নির্বাহী হাকিম মোহাম্মদ হেলাল উদ্দিন।
এ ছাড়া একই এলাকায় ফিউচার ফুড অ্যান্ড বেভারেজ নামে পানির কারখানায় ওয়াসার পানি জারে ভরে বিক্রি করা হতো। তা ছাড়া প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের লাইসেন্স ছিল না। এ অপরাধে ফিউচার ফুড অ্যান্ড বেভারেজকে এক লাখ টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী হাকিম মোহাম্মদ হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বিএসটিআইয়ের নিয়ম অনুযায়ী খাবার তৈরির কারখানায় কর্মচারীদের ব্যবহারের জন্য শৌচাগারগুলো থাকবে বাইরে। কিন্তু প্রিমিয়ার সুইটসের শৌচাগার ছিল কারখানার ভেতর। এখানে তৈরি হওয়া দই-মিষ্টি বড় বড় ট্রেতে করে খোলা অবস্থায় শৌচাগারের পাশে উন্মুক্ত অবস্থায় রাখা হতো। শৌচাগার থেকে মশা-মাছি এসব খাবারের ওপর বসত। এ ছাড়া অন্য কারখানাগুলোতে মশা-মাছির মতো কীটপতঙ্গ প্রতিরোধে নেট ছিল না। খালি হাতে খাবার তৈরি করতেন কর্মচারীরা।