পাঁচ প্রতিষ্ঠানকে ৩৭ লাখ টাকা জরিমানা
পরিবেশের ক্ষতিসাধনের দায়ে গতকাল সোমবার চারটি শিল্পপ্রতিষ্ঠান ও একটি হাসপাতালকে ৩৭ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের সদর দপ্তরে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলব করে শুনানি শেষে এই জরিমানা করা হয়।
পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়া হাসপাতাল পরিচালনা এবং হাসপাতালের বর্জ্য সংরক্ষণ ও ধ্বংস না করার দায়ে রাজধানীর পশ্চিম ধানমন্ডির জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। হাসপাতালটি ১৯৯৮ সাল থেকে পরিবেশের ছাড়পত্র ও ইটিপি ছাড়াই চলছে।
শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনার দায়ে মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার উপজেলার বর্ণালী ফেব্রিকস লিমিটেডকে ১০ লাখ, আইডিয়াল টেক্সটাইল মিলস লিমিটেডকে ১৫ লাখ, নরসিংদীর সাজেদা ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডকে পাঁচ লাখ এবং ইটিপি না থাকার জন্য নারায়ণগঞ্জের ফতুল্লার নিউ ওরিয়েন্ট ডায়িং অ্যান্ড প্রসেসিং লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গতকাল শুনানি গ্রহণ করেন।
শুনানিতে প্রতিষ্ঠানগুলোর মালিক ও তাঁদের প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। বিজ্ঞপ্তি।