পাঁচ প্রতিষ্ঠানে দুর্নীতি রোধে দুদকের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ পাঁচটি সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ ও দমনে আবারও পাঁচটি প্রাতিষ্ঠানিক দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার পাঁচ পরিচালক দলগুলোর নেতৃত্ব দেবেন।

প্রতিষ্ঠানগুলো হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বিষয়টি আজ রোববার প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, কমিশন ইতিমধ্যেই এ–সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশে দলগুলোর কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক দলগুলো সরকারি এসব প্রতিষ্ঠানের আইন, বিধিবিধান পর্যালোচনা করে দুর্নীতি দমন ও প্রতিরোধে সুপারিশ করবে।
এর আগে ২০১২ সালে সরকারের ১১টি প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে ১১ জন উপপরিচালকের নেতৃত্বে ১১টি দল গঠন করেছিল দুদক। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), রাজউক, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঢাকা সিটি করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি আবাসন পরিদপ্তর, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের দুর্নীতি অনুসন্ধান ও প্রতিরোধে গঠিত দুদকের দলগুলো এসব প্রতিষ্ঠানে ব্যাপক অনুসন্ধান চালায়। অনেকগুলো মামলাও করে।
পরে দলগুলো সম্পর্কে নানা অভিযোগ ওঠায় প্রাতিষ্ঠানিক দলগুলো ভেঙে দেওয়া হয়। পরে গত বছরের মাঝামাঝি সময়ে দুজন উপপরিচালকের নেতৃত্বে দুটি আলাদা টাস্কফোর্স গঠন করে দুদক। টাস্কফোর্স দুটিও সেভাবে কার্যকর না হওয়ায় সেগুলো বাতিল করে আবারও বিশেষ প্রাতিষ্ঠানিক দল গঠন করা হলো। তবে এবার দলগুলোর নেতৃত্ব দেওয়া হয়েছে পাঁচজন পরিচালককে। সার্বিক কর্মকাণ্ডের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের মহাপরিচালককে।
জানা গেছে, মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন দল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে রাজউক, মঞ্জুর আহমদের নেতৃত্বে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, খন্দকার এনামুল বাছিরের নেতৃত্বে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং এ কে এম জায়েদ হোসেনের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি দমন ও প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে।
দুদক সূত্র জানায়, প্রাতিষ্ঠানিক দলগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইন, বিধি, পরিচালনা পদ্ধতি এবং ওই সব প্রতিষ্ঠানে সরকারি অর্থ অপচয়ের দিকগুলো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কাজের ইতিবাচক ও নেতিবাচক দিক, নাগরিকসেবা দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা, সেবাগ্রহীতাদের হয়রানি, দুর্নীতির কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। সার্বিক বিশ্লেষণসহ দলের প্রতিবেদন ও সুপারিশ ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দেবে দলগুলো।