১৫ মে প্রথম আলোয় সাভার-আশুলিয়ার ৩০ পোশাক কারখানায় ‘ফাটল-আতঙ্ক’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে পাঁচটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ম্যাগপাই কম্পোজিট লিমিটেড, নাবা নিট কম্পোজিট, মাটসুকা অ্যাপারেলস, আনজির অ্যাপারেলস ও ওশান গেট সোয়েটার লিমিটেড। ম্যাগপাই কম্পোজিট তাদের প্রতিবাদে বলেছে, প্রতিবেদনে অষ্টম তলার দেয়ালে ফাটল উল্লেখ করা হয়েছে। কিন্তু ম্যাগপাইয়ের কারখানাটি সাততলাবিশিষ্ট। এই কারখানার কোনো তলায় ফাটল নেই। তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর প্রকৌশলী দল পরিদর্শন করে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বলে প্রত্যয়ন করেছে। নাবা নিট বলেছে, ফাটল দেখা দেওয়ার পর তারা তাৎ ক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরও সাময়িকভাবে তাদের কারখানা বন্ধের নির্দেশ দেয়। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা সরেজমিনে পরিদর্শন করে আগস্ট পর্যন্ত কারখানায় কাজ চালু রাখার পরামর্শ দেয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরও নাবা নিটকে কারখানা বন্ধের যে নোটিশ দিয়েছিল, তার স্থলে সাময়িকভাবে চালু করার অনুমতি দেয়।আনজির অ্যাপারেলস জানিয়েছে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর ফাটলের কারণে কারখানা বন্ধের নির্দেশ দেওয়ার পর তা মেনে বন্ধ রাখা হয়। এরপর একটি প্রকৌশলী প্রতিষ্ঠানের তিনজন প্রকৌশলী ভবনটি পরিদর্শন করে এটিকে নিরাপদ বলে সার্টিফিকেট দেয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর আগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে কারখানা চালু করার নির্দেশ দেয়।ওশান গেট বলেছে, তাদের কারখানার নিচতলায় ফাটলের কথা প্রতিবেদনে উল্লেখ করা হলেও ভবন নির্মাণ অনুমোদন কর্তৃপক্ষ এবং সরকারের বিভিন্ন সংস্থা সরেজমিনে দেখে ফাটল পায়নি। ফাটলের কারণে কারখানার কাজও বন্ধ হয়নি। মাটসুকা বলেছে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর ফাটলের কথা উল্লেখ করে কারখানা বন্ধের নোটিশ দেওয়ার পর প্রকৌশলী দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে কিছু মেরামতকাজের পরামর্শ দিয়ে কারখানা ভবনটি ঝুঁকিমুক্ত বলে সার্টিফিকেট দিয়েছে। পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরও মাটসুকাকে বন্ধের নোটিশ প্রত্যাহার করে পুনরায় কারখানা চালু করার পক্ষে চিঠি দেয়। প্রতিবেদকের বক্তব্য: পুরো প্রতিবেদনটি শিল্প পুলিশ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের তালিকা ধরে তৈরি করা হয়েছে। পুলিশের তালিকায় চিহ্নিত ৩০টি ভবনের কোথায় কোথায় ফাটল আছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সরেজমিনে কয়েকটি ভবন দেখতে গেলে এই প্রতিবেদককে কারখানা কর্তৃপক্ষ প্রবেশ করতে দেয়নি।