সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে ৩৫০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের ঘটনায় আরও ২৬টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলায় পৃথকভাবে হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদকেও আসামি করা হয়েছে। তানভীর মাহমুদের আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, প্যারাগন ও নকশি নিট নামের প্রতিষ্ঠান দুটির মালিকেরা আগে হল-মার্কে চাকরি করতেন। হল-মার্ক এবং ওই পাঁচ প্রতিষ্ঠান সোনালী ব্যাংক থেকে ঋণপত্র জালিয়াতির মাধ্যমে তিন হাজার ৬০৬ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ আছে।গতকাল মঙ্গলবার রাজধানীর রমনা থানায় করা ২৬ মামলার বাদী হয়েছেন দুদকের অনুসন্ধান দলের আট সদস্য। এঁরা হলেন: দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মীর মো. জয়নুল আবেদীন, উপপরিচালক এস এম আখতার হামিদ ভূঞা, উপসহকারী পরিচালক মো. মুজিবুর রহমান ও মুহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী উপপরিচালক মো. মশিউর রহমান, মো. নাজমুচ্ছায়াদাত, সেলিনা আখতার ও মো. এনামুল হক চৌধুরী।হল-মার্ক গ্রুপের মতো একই উপায়ে ওই পাঁচ প্রতিষ্ঠান প্রায় একই সময়ে সোনালী ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছে বলে দুদক দাবি করেছে। প্রতিষ্ঠানগুলো হলো: টি অ্যান্ড ব্রাদার্স, প্যারাগন নিট অ্যান্ড কম্পোজিট, খানজাহান আলী সোয়েটার, নকশি নিট কম্পোজিট এবং ডি এন স্পোর্টস। ওই পাঁচ প্রতিষ্ঠান ব্যাংকিং খাতের প্রাক-জাহাজীকরণ অর্থায়ন (প্রি শিপমেন্ট ক্রেডিট—পিএসসি), রপ্তানি এলসির নিশ্চয়তা বিল কেনা (ফরেন বিল পারচেজ—এফবিপি), বিলের বিপরীতে অর্থ পরিশোধ (পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট—পিএডি) এবং স্থানীয় ঋণপত্রে নিশ্চয়তা বিল কেনার (ইনল্যান্ড বিল পারচেজ—আইবিপি) ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে মঙ্গলবার দুদক কার্যালয়ে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান উপপরিচালক মীর মো. জয়নাল আবেদীন। এদের মধ্যে টি অ্যান্ড ব্রাদার্স পিএসসি, এফবিপি ও পিএডির মাধ্যমে ৩২০ কোটি টাকা আত্মসাৎ করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৪টি মামলা হয়েছে। খানজাহান আলী সোয়েটার লিমিটেড পিএসসি খাতে এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা, প্যারাগন নিট কম্পোজিট লিমিটেড পিএসসি, এফবিপি, পিএডি ও আইবিপির মাধ্যমে সাড়ে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাঁচটি মামলা, নকশি নিট কম্পোজিট লিমিটেড পিএসসি ও আইবিপির মাধ্যমে ১১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনটি মামলা এবং ডিএন স্পোর্টস পিএসসি, আইবিপি ও এফবিপির মাধ্যমে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনটি মামলা করা হয়েছে। মামলার আসামি: টি অ্যান্ড ব্রাদার্সের মামলায় আসামি করা হয়েছে এর চেয়ারম্যান জিনাত ফাতেমা, ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ হোসেন ও পরিচালক তসলিম হাসানকে।প্যারাগন নিট অ্যান্ড কম্পোজিটের মামলায় এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হাসান রাজা, পরিচালক আবদুল্লাহ আল মামুন, মণ্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মকুল হোসেন এবং হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে আসামি করা হচ্ছে। আবার নকশি নিটের মামলায় এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মালেক ও চেয়ারম্যান আমেনা বেগম, সুপ্রিম পেপারস অ্যান্ড এক্সেসরিজের স্বত্বাধিকারী মো. জামির হোসেন এবং হল-মার্কের জিএম তুষার আহমেদকে আসামি করা হয়েছে। খানজাহান আলী সোয়েটারের মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল শেখ, পরিচালক মীর মো. শওকত আলী ও রফিকুল ইসলামকে আসামি করা হয়েছে। ডিএন স্পোর্টসের মামলায় চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, তাঁর মেয়ে পরিচালক ফাহমিদা আখতার (শিখা) ও ফাহমিদার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানকে আসামি করা হয়।এই ২৬ মামলার প্রতিটিতে প্রতিষ্ঠানগুলোর মালিক-পরিচালকদের সঙ্গে যোগসাজশের অভিযোগে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান, সাবেক সহকারী উপমহাব্যবস্থাপক মো. সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন ও ধানমন্ডি শাখার বর্তমান জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরী, ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির, প্রধান কার্যালয়ের জিএম অফিসের ডিএমডি মাইনুল হক ও আতিকুর রহমান, মহাব্যবস্থাপক আ ন ম মাশরুরুল হুদা সিরাজী, ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান, সাবেক জিএম সবিতা সিরাজ, শেখ আলতাফ হোসেন, মো. সফিজউদ্দিন আহমেদ ও কানিজ ফাতেমা চৌধুরী, এজিএম মো. কামরুল হোসেন খান, আশরাফ আলী পাটোয়ারী ও মো. খুরশিদ আলমকে আসামি করা হয়েছে। অর্থাৎ, ব্যাংক কর্মকর্তাদের প্রত্যেকের বিরুদ্ধে ২৬টি করে মামলা হয়েছে।এর আগে হল-মার্কের বিরুদ্ধে এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে ২৭ জনকে আসামি করে মোট ১১টি মামলা করেছিল দুদক। গত ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাগুলো করা হয়। ওই মামলাগুলোতে এ পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে দুদক। তাঁরা হলেন: হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলাম, জিএম তুষার আহমেদ, সোনালী ব্যাংকের শেরাটন হোটেল শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান, জিএম মীর মহিদুর রহমান ও দুই ডিজিএম শেখ আলতাফ হোসেন ও সফিজউদ্দিন আহমেদ।