পাঁচ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভোলার চরফ্যাশন কলেজে নিয়োগ পাওয়া সন্দেহজনক নিবন্ধন সনদধারী পাঁচ প্রভাষকের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে বললেও কলেজ কর্তৃপক্ষ গত ছয় মাসেও কোনো ব্যবস্থা নেয়নি।চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী গত বছরের ১৭ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বরাবর আবেদনে লিখেছেন, ‘কলেজে গত বছরের ১০ জুন লিখিত-মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে পাঁচজন প্রভাষকের নিবন্ধন সনদসহ বৈধ কোনো কাগজ নেই। আবেদনের সঙ্গে যে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে, তা জাল।’গত বছরের ২৭ সেপ্টেম্বর চরফ্যাশন কলেজের অধ্যক্ষ, পরিচালনা পরিষদের সভাপতি ও চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর পাঠানো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জসিম উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা আছে, ‘চরফ্যাশন কলেজে সদ্য নিয়োগ করা (১০ জুন ২০১১) কৃষিশিক্ষার প্রভাষক মো. আলাউদ্দিন, প্রাণিবিদ্যার প্রভাষক তাছলিমা বেগম, ইতিহাসের প্রভাষক মনির আহাম্মেদ, বাংলার প্রভাষক সেলিনা আক্তার ও রাষ্ট্রবিজ্ঞানের মনির হোসাইনের নিবন্ধন সনদ সন্দেহজনক হওয়ায় তাঁদের এমপিওভুক্ত করা যাবে না। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল।’ অধ্যক্ষ কাওসার আহাম্মেদ বলেন, ‘আমরা যাঁদের নিয়োগ দিয়েছি, তাঁদের কাগজপত্র বৈধ মনে করেই নিয়োগ দিয়েছি এবং কলেজ থেকে বেতন দিচ্ছি। কারণ, কাগজপত্র বৈধ না অবৈধ, নিয়োগ কমিটির তা নিরূপণের যন্ত্র নেই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনে হয়েছে, নিয়োগপ্রাপ্তদের নিবন্ধন সনদ অবৈধ, তাই তাঁদের এমপিওভুক্ত করেনি এবং ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে।’চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ‘আমাকে অবগতিপত্র দেওয়া হয়েছে, এ পত্রের ওপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় না। যাঁকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, তাঁকে পুলিশ সহযোগিতা করতে পারে মাত্র।’