পাঁচ প্রশিক্ষকের চাকরি নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের (ডব্লিউটিসি) প্রশিক্ষণ কার্যক্রম উন্নয়ন প্রকল্পের পাঁচ প্রশিক্ষক চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন। মহিলাবিষয়ক অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন প্রকল্পে এসব প্রশিক্ষককে দেওয়ার কথা থাকলেও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাঁদের নিতে চাচ্ছেন না বলে তাঁরা অভিযোগ করছেন।
গত ৪ সেপ্টেম্বর মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহিন আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদপ্তরের ‘জীবিকায়ন’ প্রকল্পে নির্বাচিত পাঁচটি ট্রেডের অনুকূলে চুক্তিভিত্তিক পাঁচজন প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে সম্প্রতি জেলা পর্যায়ে শেষ হওয়া ডব্লিউটিসিগুলোর প্রশিক্ষণ কার্যক্রম উন্নয়ন প্রকল্পের জনবল দ্বারাই প্রশিক্ষণ দিতে হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গত ২৫ সেপ্টেম্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নীলফামারী জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে ওই চিঠিতে সুপারিশ করেন।
গত ২৮ সেপ্টেম্বর সকালে এ প্রতিবেদকের সঙ্গে এ বিষয়ে চার প্রশিক্ষকের কথা হয়। এ সময় ওই প্রশিক্ষকেরা অভিযোগ করে বলেন, ‘আমরা তিন বছর ধরে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ডব্লিউটিসি প্রকল্পের অধীনে প্রশিক্ষক হিসেবে কাজ করছি। গত জুন মাসে এ প্রকল্পের মেয়াদ শেষ হয়। এরপর “জীবিকায়ন” নামে আরেকটি প্রকল্প আসে। মহিলাবিষয়ক অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এ প্রকল্পে আমাদের নিয়োগ দেওয়ার কথা। কিন্তু জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার বেগম আমাদের চার নারী ও এক পুরুষ প্রশিক্ষককে বাদ দিয়ে নতুন করে প্রশিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি (সার্কুলার) দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। নতুন করে আবেদন করতে যে বয়সসীমা নির্ধারণ করা হবে, তাতে আমরা আবেদন করতে পারব না। এ অবস্থায় আমরা সম্পূর্ণ বেকার হয়ে যাব।’
নুরুন্নাহার বেগম প্রথম আলোকে বলেন, ‘অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমি নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে যোগ্য প্রশিক্ষক নিয়োগ করব। বয়সসীমা ৩৫ বছর বলা হলেও যোগ্য প্রার্থীর ক্ষেত্রে বয়স কোনো বিবেচ্য বিষয় হবে না। যে ট্রেডগুলো আছে, সেগুলো প্রয়োজন না হলে কেন আমি ওই ট্রেডগুলো রাখব। এখন যে ট্রেডে প্রশিক্ষক নিয়োগ করা হবে, সেগুলো হচ্ছে দরজিবিজ্ঞান, বিউটিশিয়ান, শোপিস তৈরি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও মোবাইল সার্ভিসিং।’
তবে ওই প্রশিক্ষকেরা জানান, তাঁদের না নেওয়ার জন্য জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নানাভাবে চেষ্টা করছেন। এ কারণে ওই কর্মকর্তা ট্রেড পরিবর্তনেরও পাঁয়তারা করছেন।