পাঁচ প্রার্থী 'স্বশিক্ষিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীদের মধ্যে পাঁচজন নিজেদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন ‌‌’স্বশিক্ষিত’। তবে অধিকাংশ প্রার্থী বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করেছেন।

১৬ দলের ৪৩ জন ও ৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র পর্যালোচনা করে দেখা যায়, ৫১ প্রার্থীর মধ্যে দুজন এসএসসি পাস এবং তিনজন আছেন এইচএসসি পাস। চারজন প্রকৌশলী, পাঁচজন এলএলবি, সাতজন স্নাতক এবং বাকিরা স্নাতকোত্তর পাস করেছেন। প্রার্থীদের মধ্যে ছয়জন পড়াশোনা করেছেন মাদ্রাসায়।

বরিশাল-১ (গৌরনদী, আগৈলঝাড়া) আসনে বিএনপির প্রার্থী আবদুস সোবাহান প্রকৌশলী। একই দলের অপর প্রার্থী জহির উদ্দিন স্বপনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। এদিকে, আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ স্বশিক্ষিত। স্বশিক্ষিতদের তালিকায় আরও আছেন জাকের পার্টির প্রার্থী মো. বাদশা মিয়া ও এনপিপির সাহেব আলী।

বরিশাল-২ (উজিরপুর, বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহে আলম স্নাতকোত্তর পাস। বিএনপির প্রার্থী সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল স্বশিক্ষিত এবং একই দলের অপর প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ এসএসসি পাস। জাতীয় পার্টির মো. মাসুদ পারভেজের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।

বরিশাল-৩ (বাবুগঞ্জ, মুলাদী) আসনে বিএনপির সেলিমা রহমান ও জয়নুল আবেদীন স্নাতকোত্তর পাস করেছেন। জাতীয় পার্টির প্রার্থী সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপু স্নাতক পাস বলে উল্লেখ করেছেন। এই আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেয়নি। ওয়ার্কার্স পার্টির বর্তমান সাংসদ টিপু সুলতান মহাজোটের মনোনয়ন পেতে পারেন। তিনি এলএলবি পাস করেছেন।

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ, হিজলা) আসনে বিএনপির সাবেক সাংসদ মেজবাউদ্দীন ফরহাদ স্নাতকোত্তর এবং একই দলের জে এম নুরুর রহমান এলএলবি পাস। আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ পঙ্কজ দেবনাথ স্নাতক (সম্মান) পাস করেছেন।

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার এলএলবি এবং একই দলের অপর প্রার্থী মো. এবায়েদুল হক চান উচ্চমাধ্যমিক পাস। আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক স্নাতক পর্যন্ত পড়েছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সাংসদ নাসরিন জাহান রত্না শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্বশিক্ষিত। তিনি মহাজোটের প্রার্থী হতে পারেন। বিএনপির প্রার্থী আবুল হোসেন খান ও আবদুর রশিদ স্নাতকোত্তর পর্যন্ত পড়েছেন।