পাঁচ প্রার্থীর চারজনই আওয়ামী লীগের
কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড। এই ওয়ার্ডে কাউন্সিলর পদে পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এতে সুবিধাজনক অবস্থায় আছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ ইসমাইল।
মোহাম্মদ ইসমাইল ছাড়া পাথরঘাটা ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন নগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসফাক আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম নগর শাখার সভাপতি অনুপ বিশ্বাস ও ছাত্রলীগের সাবেক নেতা এনামুল হক। আসফাক আহমেদ ও মো. জালাল উদ্দিনের দাবি, তাঁরা আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।
এলাকাবাসী মনে করছেন, মূল লড়াই হবে আসফাক আহমেদ, মো. জালাল উদ্দিন ও মোহাম্মদ ইসমাইলের মধ্যে।
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সব কাউন্সিলর পদপ্রার্থী। ওয়ার্ডের অলিগলি ও সড়কে ঝুলছে প্রার্থীদের ব্যানার-পোস্টার। সেখানে অল্প কথায় নিজেদের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন প্রার্থীরা।
নির্বাচনে মোহাম্মদ ইসমাইলের প্রতীক লাটিম। মো. জালাল উদ্দিন নির্বাচন করছেন রেডিও প্রতীক নিয়ে। আসফাক আহমেদের প্রতীক টিফিন ক্যারিয়ার। অনুপ বিশ্বাস লড়ছেন মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে। এনামুল হকের প্রতীক ঘুড়ি।
এই ওয়ার্ডের মোট ভোটার ২৩ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৬৬৩ জন এবং নারী ভোটার ১১ হাজার ৬১৯ জন।
কাউন্সিলর পদপ্রার্থী আসফাক আহমেদের দাবি, নগর আওয়ামী লীগের সমর্থন রয়েছে তাঁর প্রতি। নির্বাচিত হলে তাঁর প্রধান কাজ হবে জলাবদ্ধতা ও যানজট নিরসন। তাঁর দাবি, বর্তমান কাউন্সিলর জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।
আরেক কাউন্সিলর পদপ্রার্থী মো. জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ থেকে তাঁকেই মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁর প্রধান লক্ষ্য এলাকার সামাজিক সমস্যা দূর করা।
মোহাম্মদ ইসমাইল বলেন, ‘আমার সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। তার পরও আমি প্রচারণা চালিয়ে যাচ্ছি।’
মোহাম্মদ ইসমাইল বলেন, ‘এলাকার উন্নয়নে গত পাঁচ বছর প্রচুর কাজ করেছি। নতুন বিদ্যালয় চালু হয়েছে। পানির সংকট নিরসনে প্রায় ২০টি গভীর নলকূপ স্থাপন করেছি।’ তিনি বলেন, এলাকার দুটি খালের পাড় দখলমুক্ত করা গেলে জোয়ারের পানি দ্রুত নেমে যাবে।
আশফাক আহমেদের অভিযোগ, মোহাম্মদ ইসমাইল ও অনুপ বিশ্বাসের লোকজন তাঁর নির্বাচনী প্রচারণায় বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। পাশাপাশি সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে।
মোহাম্মদ ইসমাইল ও অনুপ বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের সমর্থকদের হুমকি ও মামলার ভয় দেখানো হচ্ছে।
নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দিয়ে অনুপ বিশ্বাস বলেন, ‘আমি স্বতন্ত্র নির্বাচন করছি। এ জন্য অনেক চাপের মধ্যে আছি। তার পরও মোটামুটিভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি।’
পাথরঘাটার নজু মিয়া লেইনের বাসিন্দা আসিফ ইকবাল বলেন, ‘এলাকার মিয়া-বিবি খাল আমাদের জন্য দুঃখ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত খনন ও পরিষ্কার না করায় খালটি ভরাট হয়ে গেছে। অল্প বৃষ্টি কিংবা কর্ণফুলীর জোয়ারের পানিতে আশপাশের এলাকা তলিয়ে যায়।’
ব্রিকফিল্ড এলাকার বাসিন্দা মোহাম্মদ সাইফুল বলেন, এলাকায় মাদকের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, বিশেষ করে ইয়াবা ও ফেনসিডিল সহজলভ্য হয়ে গেছে। প্রার্থীদের মধ্যে যিনি এসব সমস্যা সমাধানে আন্তরিক ও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে মনে হবে, তাঁকেই বেছে নেবেন ভোটাররা।