কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ বিবেচনা করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছে বেসরকারি প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক (সুজন)।আপিলে বলা হয়, সরকার বা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের সঙ্গে পাঁচ প্রার্থীর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।গতকাল মঙ্গলবার সুজনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনী আইন অনুযায়ী, সরকার বা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের সঙ্গে কোনো ব্যক্তির ব্যবসায়িক সম্পর্ক থাকলে তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন। যেসব প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন: আফজল খান, মনিরুল হক, এয়ার আহমেদ, আনিসুর রহমান ও নূর-উর রহমান। এসব প্রার্থী সড়ক ও জনপথ (সওজ), পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সাবেক কুমিল্লা পৌরসভা ও জেলা পরিষদে ঠিকাদারির সঙ্গে জড়িত। গত ৪ নভেম্বর সুজন পাঁচ মেয়র পদপ্রার্থীর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি লেখে। এর পরও রিটার্নিং কর্মকর্তা পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়। সর্বশেষ গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনে লেখা আপিলে বিষয়টি নিষ্পত্তির আগ পর্যন্ত নির্বাচনের পরবর্তী কাজ স্থগিত রাখার অনুরোধ করা হয়।