পাঁচ বখাটের কারাদণ্ড ও জরিমানা
ইভ টিজিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত ঢাকার নবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর ও ফরিদপুরের আলফাডাঙ্গায় পাঁচ বখাটেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন এবং জরিমানা করেছেন। আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:নবাবগঞ্জ (ঢাকা): গত শুক্রবার বিকেলে কোচিং শেষে আগলা মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী বাড়ি ফেরার পথে একই গ্রামের আবদুর রহমান ওরফে ছক্কু মিয়ার বখাটে ছেলে আদিল (২৬) তাকে উত্ত্যক্ত করেন। এলাকাবাসী তাঁকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদারের ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। অন্যদিকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রথীন্দ্রনাথ দত্ত গত বুধবার নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বখাটে প্রদীপ সরকারকে (২৬) ছয় মাসের কারাদণ্ড দেন। তাঁদের দুজনকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।কুষ্টিয়া: গতকাল শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রী দুই বোন ট্রেনযোগে কলেজে আসছিল। পথে ট্রেনের মধ্যে একই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ইকবাল চৌধুরীসহ (২৫) ছয়-সাতজন বখাটে তাদের নানাভাবে উত্ত্যক্ত করে। এ সময় এক বোন কৌশলে বিষয়টি মোবাইল ফোনে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে জানায়। এরপর তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ভ্রাম্যমাণ আদালত হাজির হন। ট্রেন থেকে নামার সময় পুলিশ ইকবাল চৌধুরীকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। বেলা দেড়টার দিকে আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠান। ইকবাল কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকার ইয়াজ উদ্দিনের ছেলে। মেহেরপুর: মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন শহরের মটর পার্টস ব্যবসায়ী বখাটে জহিরুল ইসলাম (৩৮)। এ ব্যাপারে ওই ছাত্রী গত শুক্রবার সদর থানায় অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল শনিবার সকালে ইভ টিজিং করার সময় বখাটে জহিরুলকে শহরের শামসুজ্জোহা পার্ক সম্মুখ সড়ক থেকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেজারত, ডেপুটি কালেক্টর (এনডিসি) অবিদিও মার্ডি তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদণ্ডের রায় দেন। জহিরুল অর্থ জরিমানা দিয়ে মুক্তি পান।ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ধুলঝুরি গ্রামের কামরুল শেখ (২২) একই গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত শুক্রবার মেয়েটি এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ওই দিন দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফেরদৌস তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।