পাঁচ বছর অপেক্ষায় থেকেও প্লট বুঝে পাচ্ছেন নাগ্রাহকেরা
প্লটের বরাদ্দ পেয়েছেন প্রায় পাঁচ বছর আগে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে গ্রাহকেরা এত দিনেও তা বুঝে পাননি। কিন্তু এখন সেই প্লট হস্তান্তরের সময়ে এসে তাঁরা নতুন এক দুর্ভোগে পড়লেন। কর্তৃপক্ষ নামজারি-সংক্রান্ত (মিউটেশন) জটিলতার কারণে তাঁদের কাছে কাঙ্ক্ষিত প্লট বুঝিয়ে দিতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ‘অনন্যা’ আবাসিক প্রকল্পের প্রায় আড়াই হাজার গ্রাহক এই ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁদের ২০০৮ সালে প্লট বরাদ্দ দেওয়া হয়।
জানা যায়, এরশাদ সরকারের আমলে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কোনো প্রতিষ্ঠানের জায়গার নামজারির জন্য আলাদা কোনো ফি নেওয়ার নিয়ম নেই। সে হিসেবেই সিডিএ কর্তৃপক্ষ ইতিপূর্বে তাদের অন্য প্রকল্পের (কল্পলোক, চন্দ্রিমা ও নিউ চান্দগাঁও আবাসিক প্রকল্প) প্লটগুলো গ্রাহকদের বুঝিয়ে দিয়েছে। কিন্তু বর্তমানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি কাঠার নামজারি বাবদ দুই শতাংশ হারে ফি দাবি করা হচ্ছে। আর এই টাকা দিতে হবে গ্রাহককে।
এ বিষয়ে অনন্যা আবাসিক প্রকল্পের দায়িত্বে নিয়োজিত প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী পরিচালক মুহাম্মদ শাহাবুদ্দীন খালেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা নামজারি-সংক্রান্ত জটিলতা নিরসনে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসব। আশা করছি শিগগির এর একটি ইতিবাচক সমাধান খুঁজে পাওয়া যাবে। ফলে গ্রাহকদের প্লট বুঝিয়ে দিতে আর সমস্যা হবে না।’
নামজারির টাকা গ্রাহককে দিতে হলে প্রতি কাঠায় তাঁদের প্রায় ৫০ হাজারেরও বেশি টাকার বাড়তি খরচ গুনতে হবে। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
নগরের হালিশহর এলাকার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে টাকা দিয়েছি। বছরের পর বছর অপেক্ষায় থেকেও প্লট বুঝে পেলাম না। এত দিন পরে নতুন করে প্লটের নামজারির নামে ভোগান্তিতে ফেলা হলে আমার পক্ষে হয়তো প্লট নেওয়াই সম্ভব হবে না।’
সিডিএ সূত্রে জানা গেছে, ২০০৪ সালে নগরের কুয়াইশ ও চান্দগাঁও মৌজায় একটি আবাসিক এলাকা বাস্তবায়নের উদ্যোগ নেয় সিডিএ। এরই পরিপ্রেক্ষিতে প্রকল্পের জন্য চান্দগাঁও এলাকায় ১১৭ দশমিক ৭৩৫ একর এবং কুয়াইশ এলাকার ৫২ দশমিক ২২ একর জায়গা অধিগ্রহণ করা হয়। তখন ভূমি অধিগ্রহণসহ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ২৮৪ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকা। প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয় ২০০৫ সালের জুলাই থেকে ২০১০ সালের জুন পর্যন্ত। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতাসহ নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজে আশানুরূপ অগ্রগতি হয়নি। তাই ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল (ডিপিপি) সংশোধন করা হয়। সংশোধিত ডিপিপিতে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ৩৭৬ কোটি দুই লাখ তিন হাজার টাকা। এতে প্রকল্প বাস্তবায়নে সিডিএর খরচ বেড়েছে ৯১ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকা। সংশোধিত ডিপিপিতে প্রকল্প বাস্তবায়নের সময় তিন বছর বাড়িয়ে নির্ধারণ করা হয় ২০১৩ সালের জুন পর্যন্ত।
অনন্যা আবাসিক এলাকায় বিভিন্ন আকারের প্লট রয়েছে এক হাজার ৭৩৩টি। এসব প্লটের বরাদ্দ দেওয়া হয় ২০০৮ সালের জুলাই মাসে। তিন, চার ও পাঁচ কাঠার এসব প্লটের দাম নির্ধারণ করা হয় যথাক্রমে সাড়ে চার লাখ, পাঁচ লাখ এবং ছয় লাখ টাকা। এ ছাড়া কর্নার প্লটের জন্য বাড়তি ২৫ হাজার টাকা করে দিতে হয়। একক ও যৌথ নামে প্লটের গ্রাহকসংখ্যা আড়াই হাজারেরও বেশি বলে জানা যায়।