পাঁচ বছর আগের চেয়েও কম মূল্যে ট্রেন ইজারা
যাত্রীপ্রতি ভাড়া বেড়েছে। যাত্রীও বেড়েছে৷ এ জন্য ট্রেনের কোচের সংখ্যাও বাড়ানো হয়েছে। অথচ ট্রেন ইজারা দেওয়া হলো পাঁচ বছর আগের চেয়েও কম মূল্যে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনটি এবার এভাবেই ইজারা দেওয়া হয়েছে৷
অভিযোগ উঠেছে, গোপনে যোগসাজশের মাধ্যমে ট্রেনটি ইজারা দেওয়া হয়েছে৷ গতবার যারা কাজ পেয়েছিল, এবার ওই নামের প্রতিষ্ঠানটি কাজ পায়নি ঠিক৷ তবে দুটি প্রতিষ্ঠানের ঠিকানা একই পাওয়া গেছে। পাঁচ বছর আগের চেয়ে কম মূল্যে ট্রেন ইজারা দেওয়া হয়েছে কেন, জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হাবিবুর রহমান জানান, তিনি এভাবে সাংবাদিকদের তথ্য দিতে পারবেন না। তথ্য নিতে হলে গণসংযোগ দপ্তরের মাধ্যমে আসতে হবে অথবা, মহাব্যবস্থাপকের সঙ্গে কথা বলতে হবে৷
পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আবদুল আওয়াল ভুঞা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকেই কাজ দেওয়া হয়েছে। ইজারা দেওয়ায় অনেক বেশি আয় হচ্ছে। তা ছাড়া রেলওয়ের নিজস্ব লোকবলও নেই। তিনি বলেন, ট্রেন ইজারা দেওয়ার জন্য একটি কমিটি রয়েছে। তাঁরা সব দিক বিবেচনা করেই ইজারা দিয়েছেন।
এর কিছুক্ষণ পরে তিনি আবার ফোন করে জানান, তিনি কমিটির লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, আসলে তারাও এই কম মূল্যে ইজারা দিতে আপত্তি করছিলেন। এই ফাঁকে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান আদালতে মামলা করে। আদালত সর্বোচ্চ দরদাতা হিসেবে তাদের কার্যাদেশ দেওয়ার নির্দেশ দেন। এ জন্য বাধ্য হয়ে তাদের দিতে হয়েছে। অবশ্য এ ব্যাপারে কাজ পাওয়া প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ ও খুলনার মধ্যে যাতায়াত করে৷ পাঁচ বছর আগে এই ট্রেনটি ইজারা দেওয়া হয়েছিল এল আর ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানকে৷ তাদের ঠিকানা ৭৮ মতিঝিল, ঢাকা। সে সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনা পর্যন্ত একজন যাত্রীর ভাড়া ছিল ৬০ টাকা। গত অক্টোবর মাস থেকে এই ভাড়া ৯৫ টাকা হয়েছে৷ পাঁচ বছর আগে প্রতি ট্রিপে একটি কোচের ইজারা মূল্য ধরা হয়েছিল ৪০ হাজার ৭৬০ টাকা। অথচ এবারের ইজারা মূল্য হচ্ছে ৪০ হাজার ২৫৯ টাকা।
গতবার এই ট্রেনের বহরে ছিল সাতটি কোচ৷ এবার আরও একটি কোচ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার কাজ পেয়েছে এনএল ট্রেডিং নামের আরেকটি প্রতিষ্ঠান৷ এই প্রতিষ্ঠানটিরও ঠিকানা ৭৮ মতিঝিল, ঢাকা৷ গত মেয়াদের প্রতিষ্ঠানটি ২০০৯ সালের ৭ মে থেকে ট্রেনটি পরিচালনার দায়িত্বে ছিল৷ পাঁচ বছর শেষে তারা ট্রেনটি ছেড়ে দেয়৷ নতুন প্রতিষ্ঠানকে ১ জুন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ মে মাসের প্রথম সপ্তাহে আগের প্রতিষ্ঠানটি দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে ট্রেনটি রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনায় চলে৷
এবার চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়৷ দরপত্র খোলা হয়েছে ১৭ ফেব্রুয়ারি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো এনএল ট্রেডিং, টিএম ট্রেডিং, মেসার্স শান্তা ট্রেডার্স ও এলআর ট্রেডিং৷ তাদের দর ছিল যথাক্রমে ৪০ হাজার ২৫৯ টাকা, ৩৬ হাজার ১৮০ টাকা, ৩৪ হাজার ৬২০ টাকা ও ৩৮ হাজার ৭৬০ টাকা।