পাঁচ বছর কালো টাকা চায় রিহ্যাব!

পড়তি অবস্থা থেকে তুলে আনতে অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ চায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। আগামী পাঁচ বছরের জন্য এ সুযোগ চায় সংগঠনটি। যদিও চলতি অর্থবছরে আবাসন ব্যবসায়ীদের জন্য এ সুযোগ থাকলেও এতে তেমন সাড়া নেই।
শুধু তা-ই নয়, প্রথমবার যাঁরা ফ্ল্যাট কিনবেন তাঁদের আয়ের উৎস যেন না খোঁজা হয়, সে দাবিও রয়েছে সংগঠনটির।
রিহ্যাব বলছে, চলতি ২০১৩-১৪ অর্থবছরে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হলেও নির্বাচনের বছর হওয়ায় এবং রাজনৈতিক সহিংস পরিস্থিতির কারণে গত বছর এ অর্থের তেমন বিনিয়োগ হয়নি। ফলে সুফল পাননি আবাসন ব্যবসায়ীরা। এখন যেহেতু রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ অবস্থায় এ খাত রক্ষা করতে আবারও এই সুযোগ দেওয়ার বিকল্প নেই।
সরকার কালোটাকা বিনিয়োগের সুযোগ দিলেও তাতে খুব একটা লাভ না হওয়ার বিষয়টি স্বীকার করেছেন রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘এক বছরের জন্য এই সুযোগ দিলে তাতে ফল আসে না। সে কারণে আমরা পাঁচ বছরের জন্য এ সুযোগ চেয়েছি। তাহলে মানুষের ভয়টা কেটে যাবে। এ খাতে তারা তাদের অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে এগিয়ে আসবে। নইলে তাদের এই টাকাটা বিদেশে পাচার হয়ে যাবে।’
প্রসঙ্গত, বর্তমানে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১৯বিবিবিবিবি ধারা রয়েছে। গত দুটি অর্থবছরে বাজেটে আবাসন খাতে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ রাখা হয়। সে ক্ষেত্রে আয়ের বিপরীতে যে পরিমাণ কর এত দিন দেওয়া হয়নি, তা দেওয়া এবং এর সঙ্গে ১০ শতাংশ জরিমানা দেওয়ার বিধান চালু করা হয়।
২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেছেন, অপ্রদর্শিত আয়কে বিনিয়োগে ব্যবহার করার জন্য এ দেশে বহুবার নানা ধরনের সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু তাতে কখনো তেমন ফল পাওয়া যায়নি।
২০০৯ সালে সরকার গঠন করার পর আওয়ামী লীগ কালোটাকা সাদা করার সুযোগ দেয়। এমনকি আয়কর অধ্যাদেশে স্থায়ীভাবে নতুন একটি ধারা সংযোজন করে কালোটাকা সাদা করার আইনি সুযোগ রাখা হয়। এই ধারাটি হচ্ছে ১৯ই। এর ফলে প্রযোজ্য আয়করের সঙ্গে ১০ শতাংশ জরিমানা দিলে যে কেউ অর্থ সাদা করতে পারবেন।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার গাড়ি, জমি ও ফ্ল্যাট কিনে কালোটাকা সাদা করা-সংক্রান্ত আয়কর অধ্যাদেশের সব কটি ধারা (১৯বি, ১৯বিবি, ১৯বিবিবি) বিলুপ্ত করে দিয়েছিল। বর্তমান সরকার আবার গাড়ি ছাড়া বাকি সবগুলো সুযোগ নতুন করে দিয়েছে।
তবে গত দুই বছরে আবাসন খাতে কালোটাকার ঠিক কত বিনিয়োগ হয়েছে তার কোনো তথ্য নেই রিহ্যাবের কাছে। রিহ্যাব বলছে, তেমন একটা বিনিয়োগ হয়নি। হলেও খুবই সামান্য।
বর্তমানে কেউ কোনো ফ্ল্যাট কিনলে তাকে সাড়ে ১১ শতাংশ কর ও ফি দিতে হয়। এর মধ্যে ৩ শতাংশ করে গেইন ট্যাক্স ও স্ট্যাম্প ডিউটি, নিবন্ধন ফি ৪ শতাংশ, দেড় শতাংশ মূল্য সংযোজন কর দিতে হয়। এ ক্ষেত্রে রিহ্যাবের প্রস্তাব হচ্ছে, ২ শতাংশ করে গেইন ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি ও নিবন্ধন ফি এবং মূসক আগের হারই বহাল রাখা।
বর্তমানে শুধু জেলা শহরে নগরায়ণের জন্য কর অবকাশ ব্যবস্থা প্রযোজ্য আছে। কিন্তু জেলা শহরগুলোতে ফ্ল্যাটের চাহিদা সৃষ্টি না হওয়ায় এই উদ্যোগ কার্যকর হচ্ছে না। সে কারণে বিভিন্ন মেট্রোপলিটন এলাকা, ক্যান্টনমেন্ট এলাকা, পৌরসভার বাইরের এলাকায় নগরায়ণকে উৎসাহিত করতে কর অবকাশ ব্যবস্থা প্রবর্তন করার পক্ষে রিহ্যাব।
রিহ্যাব বলছে, সার্কভুক্ত অন্য দেশগুলোর তুলনায় দেশে নিবন্ধন (রেজিস্ট্রেশন) ব্যয় অনেক বেশি। সে কারণে অনেক ক্রেতা নিবন্ধনে আগ্রহ হারিয়ে ফেলেছেন। আর সরকারও এই খাত থেকে রাজস্ব হারাচ্ছে। এ কারণেই নিবন্ধন ব্যয় কমানোর পক্ষে সংগঠনটি।
রিহ্যাব গৃহায়ণ শিল্প রক্ষায় ও ফ্ল্যাট ক্রেতাদের পুনঃ অর্থায়ন করতে অবিলম্বে ‘হাউজিং লোন’ নামে একটি বিশেষ তহবিল গঠন করার দাবি জানিয়েছে। এই তহবিল থেকে ক্রেতাদের চাহিদামতো ঢাকা শহরের আশপাশে বা পৌর এলাকার পাশে ১৫০০ বর্গফুট বা তার চেয়ে ছোট ফ্ল্যাট কেনার জন্য ন্যূনতম ৮ থেকে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া প্রয়োজন।
এ ছাড়া প্রয়োজনীয় মূলধনি যন্ত্রপাতি ও বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশ এবং জেনারেটর আমদানিতে ২ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করার দাবি রয়েছে সংগঠনটির।