পাঁচ বছর ধরে গাছতলায় পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাগলা বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই খোলা আকাশের নিচে চলছে পাঠদান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাগলা বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই খোলা আকাশের নিচে চলছে পাঠদান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঁচ বছর আগে পরিত্যক্ত হয় মূল ভবন। এর পরিবর্তে নির্মাণ করা হয় দুই কক্ষের একটি ভবন। সেখানেও স্থানসংকুলান না হওয়ায় তিনটি শ্রেণির পাঠদান চলছে গাছতলায়। এতে পড়ালেখা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ অবস্থা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রায় চার শ শিক্ষার্থী পড়ালেখা করছে। শিক্ষক আছেন সাতজন। ১৯৭০ সালে বিদ্যালয়টির জন্য একটি পাকা ভবন নির্মাণ করা হয়। দীর্ঘদিন মেরামত ও সংস্কার না করায় ভবনটিতে ফাটল ধরে। ২০১০ সালে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর পরিবর্তে দুই কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করা হলেও স্থানসংকুলান না হওয়ায় শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান করা হচ্ছে।
শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, বিদ্যালয়টির পাশেই বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে প্রতি রোববার গরুর হাট বসে। সীমানাপ্রাচীর না থাকায় গরু-ছাগল ঢুকে পড়ে বিদ্যালয়ে। তাই রোববার দিন এক পালায় ক্লাস নেওয়ার পর ছুটি দিতে হয় বিদ্যালয়টি। বৃষ্টি এলে তো ছুটি দিতেই হয়।
বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রওনক খাতুন জানায়, রোদেও ক্লাস করতে কষ্ট হয়।
পঞ্চম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও রিতু খাতুন জানায়, বিদ্যালয়ে ভর্তির পর থেকেই তারা বাইরে বসে ক্লাস করছে। পঞ্চম শ্রেণিতে উঠেও জায়গা ও কক্ষের অভাবে অনেক সময় দাঁড়িয়ে ক্লাস করতে হয় ওদের।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য বিল্লু মিয়া বলেন, যোগাযোগব্যবস্থা ভালো হলেও উপজেলার মধ্যে এই বিদ্যালয়টির অবস্থা সবচেয়ে খারাপ। অথচ ভবন নির্মাণের প্রয়োজনীয় জায়গাও রয়েছে। জনপ্রতিনিধিসহ কর্মকর্তাদের কাছে কয়েকবার আবেদন করেও লাভ হয়নি।

প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি বলেন, দীর্ঘদিন ধরে নতুন ভবনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একাধিকবার আবেদন করেও বরাদ্দ পাওয়া যায়নি। পরিত্যক্ত ভবনটিতে শিশুদের নিয়ে পাঠদান করাও ঝুঁকিপূর্ণ। ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পাড়ে। এটি ভেঙে ফেলা দরকার।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ বলেন, বিদ্যালয়টির সার্বিক তথ্য উল্লেখ করে জেলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি স্থানীয় সাংসদকেও জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে নতুন ভবন নির্মাণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি অতিসত্বর নতুন ভবন নির্মাণের ব্যবস্থা হবে।’