শতবর্ষেরও বেশি পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে পদ থাকা সত্ত্বেও সাড়ে পাঁচ বছর ধরে নেই প্রধান শিক্ষক। হিসাববিজ্ঞান বিষয়েও দুই বছর ধরে কোনো শিক্ষক নেই। ৪৮০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র ১২ জন। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয় সূত্র জানায়, ১৮৯৯ সালে উপজেলা সদরে কসবা সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে বিদ্যালয়টি সরকারীকরণ করা হয়। এর পর থেকে কখনোই এ প্রতিষ্ঠানে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক ছিলেন না। বর্তমান অবস্থা খুবই খারাপ। গণিতের সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। অফিস সহকারীর পদটিও খালি থাকায় এ দায়িত্ব তাঁকেই পালন করতে হচ্ছে। আর এসব দায়িত্ব পালন করতে গিয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকসংকটের কারণে বেশি বেকায়দায় পড়েছে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা। বর্তমানে বিদ্যালয়টিতে ব্যবসায় শিক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ৮৯ জন। অতিথি শিক্ষক হিসেবে বিষয়টি পড়াচ্ছেন পাশের একটি বেসরকারি কলেজের এক শিক্ষক। বেসরকারি প্রতিষ্ঠানের ওই শিক্ষক এক মাসের শিক্ষক প্রশিক্ষণে গেলে পাঠদানও বন্ধ থাকে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক বলেন, প্রশাসনিক দায়িত্ব থাকায় তিনি নিয়মিত পাঠদান করতে পারছেন না। কর্তৃপক্ষকে কয়েকবার লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু আজও কোনো ফল পাওয়া যায়নি। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলা সদরের দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক নেই। এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক (ডিডি) মনোয়ারা বেগম বলেন, ‘ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নেই। বিষয়টি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু সহকারী শিক্ষক না থাকার বিষয়টি জানা নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি জানালে আবারও কর্তৃপক্ষকে জানানো হবে।’