পাঁচ বছর ধরে পড়ে আছে ভাঙা সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের পাইকুড়া গ্রামের কাটাখালি খালের ওপর সেতুটি পাঁচ বছর ধরে ভেঙে পড়ে আছে। পাশে একটি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী l ছবি: প্রথম আলো
শেরপুরের পাইকুড়া গ্রামের কাটাখালি খালের ওপর সেতুটি পাঁচ বছর ধরে ভেঙে পড়ে আছে। পাশে একটি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী l ছবি: প্রথম আলো

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাটাখালী খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে যাওয়ার পাঁচ বছর পেরিয়ে গেলেও সেভাবেই পড়ে আছে। চলাচলের জন্য এলাকাবাসী খালের ওপর দুটি বাঁশ ফেলে সাঁকো বানিয়ে নিলেও দুর্ভোগ কমছে না। কারণ, ওই সাঁকো দিয়ে কোনো রোগী বা উৎপাদিত পণ্য আনা-নেওয়া করা যায় না। এ অবস্থায় ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগ ও ভোগান্তি পাহাচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় তিন যুগ আগে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে কাটাখালী খালের ওপর এলজিইডি সেতুটি নির্মাণ করে। কিন্তু ২০১০ সালে পাহাড়ি ঢলে সেতুটির সংযোগ সড়কের মাটি সরে যায়। তখন এলাকাবাসী ওই স্থানে বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো বানিয়ে কোনো রকমে যাতায়াত চালু রাখে। কিন্তু ২০১২ সালে আবার প্রচণ্ড পাহাড়ি ঢলে সেতুটি সম্পূর্ণরূপে ধসে খালের মাঝখানে পড়ে যায়। এরপর থেকে সেতুসংলগ্ন কোনাগাঁও, পাইকুড়া, সুরিহারা, খিলাগাঁও, দড়িকালিনগর, নয়ানীপাড়া, বালিয়াচসহ ১০ গ্রামের ৫ হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুটি বিধ্বস্ত হয়ে ভাঙা অবস্থায় খালের পানিতে পড়ে আছে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা ভেঙে যাওয়া সেতুর পাশ দিয়ে বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। চলতি বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানির প্রবল চাপে বা স্রোতের টানে যেকোনো সময় সাঁকোটি ভেঙে যেতে পারে বলে এলাকাবাসী শঙ্কা প্রকাশ করে।

সেতুসংলগ্ন পাইকুড়া গ্রামের কলেজছাত্রী সুরভী খাতুন বলেন, বর্ষা মৌসুমে খালে প্রচণ্ড রাত থাকে। তখন জীবনের ঝুঁকি নিয়ে সাঁকোর ওপর দিয়ে কলেজে যাতায়াত করতে হয়। বর্ষাকালে নদীতে পড়ে যাওয়ার ভয়ে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে চান না।

পাইকুড়া গ্রামের কৃষক মুসলিম উদ্দিন বলেন, সেতু ভেঙে যাওয়ার পর বিভিন্ন বাড়ি থেকে বাঁশ সংগ্রহ ও চাঁদা তুলে এলাকাবাসী সাঁকোটি তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ খাল পারাপার ছাড়া এসব গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের আর কোনো পথ নেই।

পাইকুড়া এআরপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরনবী আজাদ বলেন, কাটাখালী খালে সেতুর অভাবে ১০ গ্রামের প্রায় তিন শ শিক্ষার্থী দুই কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করে।

উপজেলা প্রকৌশলী ফজলুল হক বলেন, এ খালের ওপর ভেঙে যাওয়া সেতুটি পুনর্নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সেখানে সেতু নির্মাণ করা হবে।