বাংলাদেশ টিঅ্যান্ডটি বোর্ডের মহাখালী ওয়্যা-রলেস ট্রান্সমিশন অঞ্চলের প্রধান সহকারী ইনামুল হক মো. আল মামুন ২০০৬ সালের ১০ আগস্ট সকালে ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পাঁচ বছর পার হয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের অভিযোগ, মামুন নিখোঁজ হওয়ার পর রাজধানীর তেজগাঁও থানায় একাধিকবার সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে, পুলিশের কাছ থেকে এ ব্যাপারে আশানুরূপ সহযোগিতা পাওয়া যায়নি। বরং উল্টো পুলিশের আচরণ তাঁদের হতাশ ও ক্ষুব্ধ করেছে। এ ব্যাপারে টিঅ্যান্ডটি বোর্ড কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে তাঁরা জানান। এ ব্যাপারে জানতে চাইলে তেজগাঁও থানার অপারেশন্স কর্মকর্তা কৃপা সিন্দু বালা প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি অনেক আগের। আমি পাঁচ মাস আগে তেজগাঁও থানায় যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে।’ পরিবারের সদস্যরা বলেন, নিখোঁজ এনামুলের বাবা প্রয়াত লেফটেন্যান্ট এ এম আতাউল স্বাধীনতাত্তোর বাংলাদেশ নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান ছিলেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। নিখোঁজ মামুনের ভাই সাংবাদিক জুলফিকার আলী মানিক জানান, ‘আমরা সবার মানবিক সহায়তা চাই। ভাইয়ের খোঁজ কেউ পেলে তা আমাদের জানালে কৃতজ্ঞ থাকব।’ যোগাযোগ: ০১৭১১১৭৭৬০৯।