পাঁচ বছর ধরে সমাজচ্যুত থাকার পর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একই বংশের মধ্যে ছেলেকে বিয়ে দেওয়ার কারণে একটি হিন্দু পরিবারকে পাঁচ বছর ধরে হিন্দু সমাজপতিরা সমাজচ্যুত করে রেখেছেন। এ অবস্থায় গত শুক্রবার ওই পরিবারের প্রধান নবদ্বীপ দাস বিষপানে আত্মহত্যা করেন। এরপর হিন্দু সমাজপতিরা তাঁর লাশও দাহ করতে দেননি। পরে নিরুপায় হয়ে পরিবারটির সদস্যরা নবদ্বীপের লাশ দাহ করার পরিবর্তে মাটিচাপা দেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গত রোববার নবদ্বীপের ছেলে বাদল দাস বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন।উপজেলার লাপাং গ্রামের দাসপাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি ওই পাড়ার নবদ্বীপ দাসের ছেলে সুমন দাসের সঙ্গে একই পাড়ার একই গোষ্ঠীর নারায়ণ দাসের মেয়ে অঞ্জনা দাসের বিয়ে হয়। একই বংশের মধ্যে বিয়ে হওয়ায় ওই পাড়ার হিন্দু সমাজপতিরা নবদ্বীপের পরিবারকে সমাজচ্যুত করেন। ওই পরিবারের সঙ্গে গ্রামের হিন্দুদের মেলামেশায় নিষেধাজ্ঞাও জারি করেন তাঁরা। পাঁচ বছর ধরে সমাজচ্যুত হয়েই পরিবারটির সদস্যরা বসবাস করে আসছিলেন। সম্প্রতি নবদ্বীপের একমাত্র মেয়ে স্বপ্না দাসের বিয়ের তারিখ ঠিক হয়। কিন্তু সমাজপতিদের অসহযোগিতার কারণে ১৩ মার্চ নবদ্বীপ নরসিংদীতে তাঁর এক নিকট আত্মীয়র বাড়িতে নিয়ে মেয়ের বিয়ে দেন। বিয়ের পরদিন গ্রামে ফিরে এলে সমাজপতিরা এ নিয়ে নানা কথা বলতে থাকেন। একপর্যায়ে ১৫ মার্চ নবদ্বীপ বিষপান করে আত্মহত্যা করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর শনিবার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার পর তা দাহ করতেও বাধা দেন সমাজপতিরা। পরে নিরুপায় হয়ে পরিবারটির সদস্যরা লাশ মাটিচাপা দিতে বাধ্য হন। নবদ্বীপের ছেলে বাদল দাস ও সুমন দাস বলেন, গ্রামের মুসলিম পরিবারের সদস্যদের সহযোগিতায় তাঁরা তাঁদের বাবার লাশ অবশেষে মাটিচাপা দিতে পারেন। পাঁচ বছর ধরে পূজা-পার্বণসহ বিভিন্ন ধর্মীয় উৎসব ও সামাজিক অনুষ্ঠানে তাঁদের অংশ নিতে দেননি সমাজপতিরা।সমাজচ্যুত করার কথা স্বীকার করে মামলার আসামি কৃষ্ণধন দাস ও শংকর দাস বলেন, গ্রামে একই বংশের মধ্যে নবদ্বীপের ছেলের বিয়ের পর একাধিকবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু পণ্ডিতেরা বিধান দেখে এ বিয়েকে বৈধতা দেননি। সমাজপতিদের সবার মতামতের ভিত্তিতেই পরিবারটিকে সমাজচ্যুত করে রাখা হয়। তা ছাড়া অপমৃত্যু (আত্মহত্যা) হলে হিন্দু রীতি অনুযায়ী লাশ দাহ করা যায় না।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, মামলার অভিযোগটি খুবই অমানবিক। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নবদ্বীপের ছেলে মামলা করেছেন।