রাজশাহী নিউমার্কেটের নকশা ভেঙে প্রধান ফটকের দুই পাশে গড়ে তোলা দোকানগুলো উচ্ছেদের জন্য রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। পাঁচ বছর পর পাঠানো নোটিশে দোকানগুলোকে ‘অবৈধ’ বলা হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। তাঁদের পুনর্বাসন করার কথা ছিল। তবে সিটি করপোরেশন বলছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকায় তাঁরা নেই।
রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, করপোরেশনের সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে ২০০৯ সালে নগরের নিউমার্কেটের পশ্চিম পাশে ‘দারুচিনি প্লাজা’র কাজ শুরু হয়। ৩৬ মাসে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। নিউমার্কেট কাঁচা বাজারের জায়গায় নয়তলাবিশিষ্ট এই মার্কেটের নির্মাণকাজ শুরু করার ফলে স্থানীয় কিছু সবজি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাময়িকভাবে পুনর্বাসনের জন্য সিটি করপোরেশন থেকে ঘোষণা দেওয়া হয়।
এই ঘোষণার সুযোগে মার্কেটের বাইরের পূর্ব পাশের দেয়াল ঘেঁষে ২২টি দোকান গড়ে ওঠে। উত্তর পাশে আরও কয়েকটি দোকানঘর তৈরি হয়। এর মধ্যে উত্তর পাশে দু-একটি সবজির দোকান ছাড়া অন্য সব ইলেকট্রনিকস সামগ্রীর দোকান। সে সময় অভিযোগ উঠেছিল, প্রকৃত ক্ষতিগ্রস্ত সবজি ব্যবসায়ীরা দোকান পাননি। একটি প্রভাবশালী মহল এই ‘পজিশন’ দখল করে দোকান করে অন্য ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে দেন। রহস্যজনক কারণে তখন সিটি করপোরেশন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি, বরং বলা হয়েছে, এঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এক বছর পর তাঁদের পুনর্বাসন করা হবে।
পাঁচ বছর পর গত ৩ সেপ্টেম্বর রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে এই দোকানগুলো সাত কার্যদিবসের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। এই নোটিশের পর একজন দোকানিও তাঁদের দোকানঘর সরিয়ে নেননি। গত ২২ সেপ্টেম্বর দ্বিতীয় নোটিশ দেওয়া হয়। এবার তিন কার্যদিবসের মধ্যে দোকানঘরগুলো সরিয়ে নিতে বলা হয়। এরপর ৭ অক্টোবর সিটি করপোরেশনের একটি উচ্চপর্যায়ের সভায় চূড়ান্ত উচ্ছেদের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর বাইরের দোকানগুলো উচ্ছেদের চূড়ান্ত নোটিশ দেওয়া হয়।
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী বলেন, তাঁর জানামতে এই দোকানমালিকদের কেউ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নন। এ জন্য তাঁদের উচ্ছেদের জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। কবে নাগাদ উচ্ছেদ অভিযান শুরু হতে পারে, জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, আগামী সপ্তাহেই অভিযান শুরু হতে পারে।
এত দিন কেন এই দোকানগুলো উচ্ছেদের নোটিশ দেওয়া হয়নি—এ ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের সচিব সৈয়দা জেবিন নিসা সুলতানা বলেন, এগুলো জনপ্রতিনিধিদের সিদ্ধান্তের ব্যাপার। বর্তমান মেয়র সিদ্ধান্ত নিয়েছেন এগুলো উচ্ছেদ করবেন।
গত বুধবার দুপুরে নিউমার্কেটের পূর্ব পাশের দেয়াল ঘেঁষে বানানো নওরিন টেলিকমের মালিক ওয়াহেদুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি নোটিশ পাওয়ার কথা স্বীকার করে জানান, যেখানে দারুচিনি প্লাজা নির্মাণ করা হচ্ছে, সেখানে তাঁর একটি কম্পিউটার সার্ভিসিংয়ের দোকান ছিল। কথা ছিল, ওই মার্কেট নির্মাণ শেষ হলে তাঁদের সেখানে পুনর্বাসন করা হবে। কিন্তু পাঁচ বছর পার হয়ে যাচ্ছে, তাঁদের কোনো দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে না। এখন উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। উচ্ছেদের আগে তাঁদের পুনর্বাসনের দাবি তুলেছেন এই ব্যবসায়ী।