পাঁচ বছর পর চা-বাগান শিক্ষা বৃত্তি চালু হচ্ছে
পাঁচ বছর পর আবারও চালু হচ্ছে চা-শ্রমিকের সন্তানদের শিক্ষাবৃত্তি। চা-বাগান ব্যবস্থাপকদের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে বৃত্তির টাকা। ২০০৯ সালের ২৫ নভেম্বর শ্রীমঙ্গলের চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউস দখলের পর থেকে চা-বাগান শিক্ষাবৃত্তি দেওয়া বন্ধ ছিল।
জানা যায়, ২০১৪ সালের ১০ আগস্ট সাতটি ভ্যালিতে (অঞ্চলে) দেশের দুই শতাধিক চা-বাগানে নির্বাচন অনুষ্ঠিত হলে চা
ছাত্র-যুব পরিষদ চা-বাগান শিক্ষাবৃত্তি চালুসহ ২০ দফা দাবিতে সব চা-বাগানে নতুন করে আন্দোলন শুরু করে।
চা ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সজল কৈরী বলেন, চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আসায় ও চা ছাত্র-যুব পরিষদের আন্দোলনের মুখে চা-বাগান শিক্ষা ট্রাস্ট আবারও বৃত্তি প্রদানের উদ্যোগ নেয়। কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে দেশের দুই শতাধিক চা-বাগানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর জন্য ১৪ লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী গতকাল শুক্রবার বলেন, সব চা-বাগান ব্যবস্থাপকের কাছে বৃত্তির টাকা পৌঁছে গেছে। চা-শ্রমিক ইউনিয়ন ও চা-বাগান শিক্ষা ট্রাস্টের যৌথ উদ্যোগে গঠিত ট্রাস্টি বোর্ড দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী বাছাই করে চা-বাগান ব্যবস্থাপকদের কাছে তালিকা পাঠিয়েছে। যৌথ ট্রাস্টি বোর্ড কমিটির করা তালিকা অনুযায়ী দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৫০০ থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা হারে বৃত্তি দেওয়া হবে।
চা-বাগান মালিকপক্ষের প্রতিনিধি পাত্রখোলা চা-বাগান ব্যবস্থাপক শামছুল ইসলাম বলেন, শিগগিরই তালিকাভুক্ত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ দেওয়া হবে।