পাঁচ বছর পর মায়ের কোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরেন মা
হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরেন মা

ভাগ্য আর কিছু সহৃদয় মানুষের চেষ্টায় পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া মেয়েকে আবার ফিরে পেয়েছেন এক মা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী হারিয়ে যাওয়া শিশু খুরশিদা আক্তার ওরফে কুসুমকে (১৪) তার মা রহিমা বেগমের হাতে তুলে দেন।
খুরশিদার পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার কালীরচর এলাকার ওসমান গনি ও রহিমা বেগমের পাঁচ সন্তানের মধ্যে সবার বড় খুরশিদা। অভাবের কারণে পাঁচ বছর আগে খুরশিদাকে পাশের ফেনী জেলায় একজনের বাড়িতে কাজে দেন। নয় বছরের শিশুটির ঘরের কাজে মন না বসায় গৃহকর্তার গালিগালাজ, মারধর ছিল তার নিত্যসঙ্গী। কিছুদিনের মধ্যে ওই বাড়ি থেকে পালায় খুরশিদা। চলে আসে রাজধানী ঢাকায়। সেখানে পরিচয় হয় ফরিদপুর থেকে আসা এক নারী পোশাকশ্রমিকের সঙ্গে। তিনি খুরশিদাকে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি ইসলামিক মিশন এতিমখানায় রেখে যান।
ওই মিশনের সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, ‘খুরশিদাকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার উদ্যোগ নিই আমরা। কিন্তু খুরশিদার দেওয়া ঠিকানায় তার স্বজনদের পাইনি। আমরা তখন ফরিদপুর ব্লাস্টের (বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট) সাহায্য চাই।’
ফরিদপুর ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী বলেন, ব্লাস্টের নোয়াখালী শাখার আইনজীবী কল্পনা দাস লক্ষ্মীপুর উপজেলা সদরের কালীরচরে শিশুটির পরিবারের সদস্যদের খুঁজে পান।
ব্লাস্টের সহায়তায় শিশুটিকে বুঝে নিতে গত শনিবার বিকেলে তার মা, চাচা এ এস এম নূরুল রহমান ও বোন মৌসুমী (১১) ফরিদপুরে আসেন। সন্ধ্যার পর এতিমখানায় মেয়ের দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা রহিমা। মায়ের বুকে মুখ রেখে কাঁদতে থাকে খুরশিদাও। চোখের জলে ভাসতে ভাসতে মা বারবার খুরশিদাকে জিজ্ঞেস করতে থাকেন, ‘এত দিন আমাগো ফাঁকি দিয়ে তুই ক্যামন ছিলি? তোরে কত খুঁজছি। আল্লাহর কাছে কানছি। আল্লা আমার কথা রাখছেন।’
খুরশিদার চাচা নূরুল রহমান বলেন, ‘খুরশিদা হারিয়ে যাওয়ার পর আমরা ওর খোঁজে স্থানীয় একটি সাপ্তাহিকে ছবি দিয়ে নিখোঁজ সংবাদও দিয়েছি। কিন্তু কাজ হয় নাই।’
জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল মেয়েকে মায়ের হাতে তুলে দেওয়ার সময় ফরিদপুর ব্লাস্ট পথের খরচ বাবদ দরিদ্র পরিবারের সদস্যদের হাতে তিন হাজার টাকা তুলে দেয়। ইসলামি মিশনের সভাপতি আওলাদ হোসেনও দেন এক হাজার টাকা। দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েকে নিয়ে আবার লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হন রহিমা বেগম।