পাঁচ বছর পর মুক্ত শ্রাবণী
ফরিদপুরের একটি সেফহোমে পাঁচ বছর থাকার পর মুক্তি পেলেন শ্রাবণী (১৯)। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান খান গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে মুক্তি দেন। এই তরুণী শেরপুর সদর থানার একটি মামলার ‘ভিকটিম’ হিসেবে সেফহোমে আসেন। শ্রাবণী নরসিংদীর বেলাব উপজেলার সাটিয়ারপাড় এলাকার কাশেম মিয়া ও শিলা বেগমের মেয়ে। জন্মের মাত্র তিন দিন পর তাঁর মা মারা যান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালে ১৪ বছরের শ্রাবণীকে নরসিংদী থেকে কাজের কথা বলে এক নারী শেরপুর নিয়ে আসেন। সেখান থেকে বিভিন্ন হাত ঘুরে শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আবদুর রহিমের হাতে পড়েন। রহিম ও তাঁর সহযোগী মায়া কিশোরী শ্রাবণীকে যৌনপল্লিতে বিক্রির উদ্দেশ্যে একটি ঘরে বন্দী করে রাখলে এলাকাবাসী পুলিশকে জানান। পরে মেয়েটিকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রহিম ও মায়াকে আসামি করে একটি মামলা হয়।
শ্রাবণীর কোনো দায়িত্বশীল অভিভাবক না থাকায় আদালত মেয়েটিকে ফরিদপুরের একটি ‘সেফহোমে’ পাঠান। শেরপুরের মানবাধিকারকর্মী বেগম আশরুফুন্নাহারের সহযোগিতায় এবং আইনজীবী আল আমিনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শ্রাবণী নিজ জিম্মায় মুক্তি পান।
মুক্তির পর শ্রাবণী তাঁর প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, ‘বিনা অপরাধে আমার জীবন থেকে পাঁচটি বছর হারিয়ে গেছে। এ জন্য যারা দায়ী, আল্লাহর কাছে তাদের বিচার চাইছি।’ কোথায় যাবেন জানতে চাইলে তিনি বলেন, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নয়াহাটি গ্রামে নানি রহিমা বেগমের কাছে যাবেন। পরে দরজির কাজ শুরু করবেন।