পাঁচ বছর পর রিকশার লাইসেন্স নবায়ন
চট্টগ্রাম নগরে চলাচলরত পুরোনো রিকশার লাইসেন্স নবায়ন ও নতুন রিকশার লাইসেন্স দেওয়া শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
গতকাল শনিবার সকালে চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিদর্শন করেন।
করপোরেশন সূত্রে জানা গেছে, মামলার কারণে প্রায় পাঁচ বছর রিকশার লাইসেন্স নবায়ন বন্ধ ছিল। সম্প্রতি আদালত মামলাটি খারিজ করে দেন। এরপর রিকশার লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করে করপোরেশন।
গতকাল করপোরেশনের ৪১টি ওয়ার্ডে রিকশার লাইসেন্স নবায়ন ও প্রদান কার্যক্রম চলে। এদিন ২০০৯-১০ থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরের নবায়ন ফি একসঙ্গে নেওয়া হয়। করপোরেশনের নিবন্ধিত ৩৫ হাজার রিকশার প্রতিটির প্রতিবছর নবায়ন ফি ৭০ টাকা। এ ছাড়া একই কার্যক্রমের আওতায় আরও ৩৫ হাজার নতুন রিকশার লাইসেন্স দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিবন্ধনের বাইরে চট্টগ্রাম নগরে এক লাখের বেশি রিকশা চলাচল করে।
করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ প্রথম আলোকে জানান, করপোরেশনের ৪১ জন ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে নগরের ৪১টি মাঠে রিকশার লাইসেন্স ইস্যু করা হয়। কিছু শর্তের বিনিময়ে প্রথম দিন প্রায় ২০ হাজার নতুন রিকশার লাইসেন্স দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর রিকশা চালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া জানান, করপোরেশনের এ উদ্যোগের ফলে নগর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা আসবে। অবৈধ রিকশাগুলো রাজপথ থেকে তুলে নেওয়া হবে।