পাঁচ বছরে কাজ হলো মাত্র ৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর পদ্মা সেতু বাস্তবায়নের পরিকল্পনা ছিল। এর মধ্যে পাঁচ বছর চলে গেছে। আর এই সময়ে প্রকল্পের মাত্র ৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে।চলতি অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত এক হাজার ২১৬ কোটি টাকা খরচ হয়েছে, যা মোট ব্যয়ের মাত্র ৫ দশমিক ৯৩ শতাংশ। পদ্মা সেতু নির্মাণে ২০ হাজার ৫০৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ, পুনর্বাসনকেন্দ্র নির্মাণসহ খরচের পুরোটাই দেশজ উৎস থেকে সরবরাহ করা হয়েছে।প্রকল্প বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ পরিদর্শন প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। যথা সময়ে প্রকল্পটি শেষ করার জন্য বিশ্বব্যাংকের সঙ্গে সৃষ্ট জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে আইএমইডির প্রতিবেদনে। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করায় পদ্মা সেতুর কাজ এখন বন্ধ।গত ৯ ও ১০ আগস্ট আইএমইডি সচিবের নেতৃত্ব একটি প্রতিনিধিদল প্রকল্প এলাকা পরিদর্শন করে। গত নভেম্বরে প্রতিবেদনটি চূড়ান্ত করেছে আইএমইডি। প্রতিবেদনে ক্ষতিপূরণের টাকা প্রদানে বিলম্ব হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। ক্ষতিপূরণের অর্থ ও ভূমিহীনদের প্লট দ্রুত বুঝিয়ে দেওয়ারও তাগিদ দেওয়া হয়।প্রতিবেদন অনুযায়ী, ভূমি অধিগ্রহণের জন্য ৯৪৪ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ রয়েছে। ২০০৭-০৮ থেকে চলতি অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত ভূমি অধিগ্রহণের জন্য মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলা প্রশাসনের মাধ্যমে পরিশোধ করা হয়েছে ৬১৫ কোটি টাকা। অন্যদিকে বিশেষ অতিরিক্ত ক্ষতিপূরণ বা পুনর্বাসন বাবদ এক হাজার ৪২৩ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ পর্যন্ত মাত্র ৪৮৩ কোটি ২১ লাখ টাকা দেওয়া হয়েছে, যা বরাদ্দের মাত্র ৩৪ শতাংশ।আইএমইডি সচিব মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, ভূমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ দেওয়ায় কিছুটা শ্লথগতি রয়েছে। গরিব মানুষ যাতে আরও দ্রুত ক্ষতিপূরণের টাকায় পায়, সে জন্য সেতু বিভাগকে একটি কৌশল বের করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় জেলা প্রশাসনকে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, কানুনগো ও সার্ভেয়ার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।গাড়ি কেনায় আগ্রহ বেশি: কাজ শুরু না হলেও পদ্মা সেতু প্রকল্পের জন্য কর্মকর্তাদের গাড়ি কেনায়ই বেশি আগ্রহ দেখা গেছে। বিশ্বব্যাংকসহ দাতাদের সঙ্গে অর্থায়নের বিষয়টি সুরাহা না হলেও নিজস্ব টাকায় এ পর্যন্ত ২০টি জিপ কেনা হয়ে গেছে। এ প্রকল্পে মোট ২৭টি জিপ কেনার কথা।আইএমইডির সর্বশেষ পরিদর্শন প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে। এ প্রকল্পের আওতায় জিপ, মাইক্রোবাস, পিকআপ, স্পিডবোট, মোটরসাইকেলসহ মোট ৪৬টি গাড়ি কেনার কথা রয়েছে। এর মধ্যে ২৭টি গাড়ি কেনা হয়েছে। অথচ প্রকল্প পরিচালক থেকে শুরু করে পিয়নসহ মাত্র ৪৪ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।এ প্রসঙ্গে জানতে চাইলে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গাড়িগুলো যে পরিমাণ ব্যবহার করার কথা ছিল, তা হয়তো হচ্ছে না। তবে গাড়িগুলো প্রকল্পের কাজেই ব্যবহূত হচ্ছে।’ তিনি আরও জানান, পদ্মা সেতুর বিশাল কর্মযজ্ঞ বিবেচনা করলে কেনা গাড়ির সংখ্যা বেশি নয়। গাড়িগুলো কারা ব্যবহার করছেন—এ প্রসঙ্গে তিনি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।আইএমইডি সচিব মোজাম্মেল হক খান বলেন, গাড়ি কেনা অন্যায় নয়। তবে গাড়িগুলো সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে। এ জন্য শিগগিরই মাঠপর্যায়ে পরিদর্শন করা হবে বলে তিনি জানান।মুন্সিগঞ্জের মাওয়া এলাকায় গিয়ে দেখা গেছে, পদ্মা সেতুর এপারে মাত্র দুটি পাজেরো জিপ রয়েছে। এর মধ্যে একটি ব্যবহার করেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন। অপর জিপটি দিয়ে অন্য কর্মকর্তারা তদারক করেন। মাঠপর্যায়ের কর্মকর্তারা জানান, পদ্মার অপর পারে এমন আরও দুটি পাজেরো জিপ ব্যবহার করা হয়।পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বৃহৎ প্রকল্প বিবেচনা করে মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলা প্রশাসকের জন্য একটি করে পাজেরো জিপ বরাদ্দ রাখা হয়েছে প্রকল্প প্রস্তাবনায়। এ ছাড়া প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম ও দুজন অতিরিক্ত প্রকল্প পরিচালকের প্রত্যেকের জন্য পাজেরো জিপ বরাদ্দ রাখা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে যানবাহন কেনার জন্য বরাদ্দ রয়েছে ১৫ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে খরচ হয়েছে নয় কোটি ৭৮ লাখ ৬৫ হাজার টাকা, যা দেশজ উৎস থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। আর বরাদ্দের ৬১ দশমিক ৩৫ শতাংশ খরচ হয়ে গেছে। অথচ মূল প্রকল্পের বরাদ্দের মাত্র ৫ দশমিক ৯৩ শতাংশ খরচ হয়েছে।