পাঁচ বছরে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত পাঁচ বছরে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ দাবি করেন।
সকাল সাড়ে ১০টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের মুলতবি বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ মো. আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান, দেশের প্রতিটি পাবলিক পরীক্ষায়, বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিবছরই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। এতে মাঝেমধ্যে পরীক্ষাও স্থগিত করা হয়। এসব প্রশ্ন ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা হয়েছে কি? কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, গত পাঁচ বছরে কোনো পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি। এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীন অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যাওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হয় এবং প্রাথমিক সত্যতা পাওয়ায় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়। নতুন প্রশ্নপত্রে নতুনভাবে পরীক্ষা নেওয়া হয়।
মন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনার বিষয়ে তদন্তে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা একটি কমিটি গঠন করেছে। একই সঙ্গে এ বিষয়টি তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ও উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করেছে। তদন্ত চলমান আছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ফরিদপুরে দায়ের করা দুটি মামলায় তিনজন কারাগারে আছে।
শিক্ষার নামে বাণিজ্য বন্ধে পদক্ষেপ: সাংসদ এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার নামে বাণিজ্য বন্ধ করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। যেসব বিশ্ববিদ্যালয় নামমাত্র শিক্ষা কার্যক্রম এবং পরীক্ষার মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয় তার তালিকা করছে।
ঢাকা হবে ভিক্ষুকমুক্ত: সাংসদ বেগম ফজিলাতুন নেসার প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী জানান, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির মাধ্যমে ঢাকা শহরকে ভিক্ষুকমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশনকে ১০টি জোনে ভাগ করে জরিপ পরিচালনার মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ১০ হাজার ভিক্ষুকের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। ২০১৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় প্রাথমিকভাবে ঢাকার বিমানবন্দর এলাকা, হোটেল সোনারগাঁও, হোটেল রূপসী বাংলা, হোটেল র৵াডিসন, বেইিল রোড, কূটনৈতিক জোন ও দূতাবাস এলাকাগুলোকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।
প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, শিক্ষামন্ত্রীর বক্তব্যে আমি খুবই মন খারাপ করলাম। কারণ, আমি নিশ্চিতভাবে জানি গত পাঁচ বছরে কয়েকবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির বলেন, শিক্ষামন্ত্রী জাতির সামনে মিথ্যা বলেছেন৷ কারণ, দেশবাসী জানে গত তিন-চার বছর ধরেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে৷