পাঁচ বছরে চট্টগ্রাম অপরিচ্ছন্ন নগরে পরিণত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর সমর্থনে পটিয়াবাসীর এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, গত পাঁচ বছরে চট্টগ্রাম নগর একটি অপরিচ্ছন্ন নগরে পরিণত হয়েছে। এই নগরকে সুন্দর ও জলাবদ্ধতামুক্ত করতে আ জ ম নাছিরকে জয়যুক্ত করতে হবে। এ জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে কাজ করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম শহরে বসবাসরত পটিয়াবাসীর ব্যানারে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া আসনের সাংসদ সামশুল হক চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ সাবিহা মুছা, সাবেক সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পটিয়া পৌরসভা মেয়র হারুনুর রশীদ প্রমুখ।
সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আ জ ম নাছিরকে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্মান রাখার জন্য, চট্টগ্রামকে একটি সুন্দর নগর হিসেবে গড়ে তোলার জন্য তাঁর প্রার্থীকে জয়ী করতে হবে।
চট্টগ্রামে বসবাসরত পটিয়ার লোকজনের দায়িত্ব রয়েছে। ঘরে ঘরে গিয়ে মানুষকে এ কথা বোঝাতে হবে।
সাংসদ সাবিহা মুছা বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। তিনি নাছিরকে মনোনয়ন দিয়েছেন। আমাদের দায়িত্ব তাঁকে জয়ী করে আনা। নাছির জয়ী হলে চট্টগ্রামের উন্নয়ন হবে। চট্টগ্রাম হবে একটি পরিচ্ছন্ন নগর।’