নাটোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনা থামছেই না। পাঁচ বছরে শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ অন্তত ১৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক শ মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গোলচত্বর পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি ২০০১ সালে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। নাটোর অংশে এ মহাসড়কের ৩০ কিলোমিটার পড়েছে। ২০১৪ সালের ২০ অক্টোবর মহাসড়কের রেজুরমোড়ে সবচেয়ে বড় দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানি হয়। সারা দেশে মহাসড়কের ১৪৪টি স্থানকে অতি দুর্ঘটনাপ্রবণ হিসেবে যে কালো তালিকা করা হয়, তার মধ্যে এই রেজুরমোড়ও ছিল। এরপরও এ মোড়ে বিশেষ কোনো সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়নি। এখানে দুর্ঘটনাও থামছে না।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আবদুল কুদ্দুসের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) ইব্রাহিম হোসেন বলেন, যানবাহনের চাপ কমানো ও দুর্ঘটনা রোধে এই মহাসড়ককে চার লেনে রূপান্তরের জন্য একটি আবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশসহ সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। একনেকে পাস হলেই পরবর্তী কার্যক্রম শুরু হবে।
বনপাড়া হাইওয়ে থানার পরিসংখ্যান অনুযায়ী ২০১২ সালের ২ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০১টি দুর্ঘটনা ঘটে মহাসড়কের নাটোর অংশের ২৬ কিলোমিটারের মাত্র ২০টি স্থানে। এসব দুর্ঘটনায় অন্তত ১৩৯ জন প্রাণ হারান।
বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, দ্রুতগতিতে গাড়ি চালানো, পাশ কাটিয়ে যাওয়া, চালকদের অদক্ষতা, পথচারী পারাপারে অসচেতনতা এবং সড়ক বিভাজন না থাকায় দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। তবে এরই মধ্যে বাসের চালক-শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক সভা-সমাবেশ, প্রচারপত্র বিতরণ এবং জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রয়েছে।
মহাসড়ক পুলিশের পরিদর্শক আশরাফ উদ্দিন বলেন, গাড়ির গতিসীমা মাপার জন্য স্পিড গান নামক একটি যন্ত্র ব্যবহার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে সওজ বিভাগের নাটোর কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, দুর্ঘটনা কমানোর জন্য দেশে প্রথমবারের মতো এই মহাসড়কের পাশে সার্ভিস রোড নির্মাণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই সড়কেই বেশি দুর্ঘটনা ঘটছে।