পাঁচ বছরে দেড় শ মুরগির খামার বন্ধ
বার্ড ফ্লুর আক্রমণ এবং মুরগির খাবারসহ অন্যান্য পণ্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত পাঁচ বছরে দেড় শতাধিক পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। ফলে বেকার হয়ে পড়েছে এ শিল্পের সঙ্গে জড়িত কয়েক শ শ্রমিক। ঋণের বোঝা সইতে না পেরে সম্প্রতি আবদুস সালাম নামের এক খামারি আত্মহত্যাও করেছেন। উপজেলা পোলট্রি মালিক সমিতি সূত্রে জানা গেছে, ২০০৭ সালে উপজেলায় পোলট্রি খামার ছিল ২৬০টি। ওই বছর দি বাংলাদেশ হ্যাচারিজ লিমিটেডে বার্ড-ফ্লু দেখা দিলে বিপুলসংখ্যক মুরগি নিধন করা হয়। ওই ঘটনার পর থেকে পর্যায়ক্রমে চারটি হ্যাচারি ও দেড় শতাধিক পোলট্রি খামার বন্ধ হয়ে যায়। পোলট্রি মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত হ্যাচারি ও খামারের মালিকেরা উল্লেখযোগ্য কোনো ক্ষতিপূরণ না পাওয়ায় তাঁরা তাঁদের প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের জুন থেকে উপজেলার বিভিন্ন খামার ও হ্যাচারিতে বার্ড-ফ্লু দেখা দেয়। তখন ১২২টি খামারে বার্ড-ফ্লু দেখা দিলে সাড়ে ১২ হাজার মুরগি, এক লাখ ৬৪ হাজার ডিম ও ৬১ হাজার বাচ্চা নিধন করা হয়। ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারিভাবে পুনর্বাসনের জন্য ২০১০-১১ সালে ৬৫ জন খামারিকে প্রশিক্ষণ প্রদান, ৬০ জনকে ৬০০টি করে মুরগি বিতরণ, পাঁচজন ক্ষুদ্র ব্যবসায়ীকে এক হাজার করে ব্রয়লার বাচ্চা, ঘর মেরামতের জন্য ৯০ হাজার টাকা, ৬০ জন খামারিকে ১৫০০ কেজি মুরগির খাবার, এক কেজি করে ভিটামিন ও অ্যান্টিবায়োটিক বিতরণ করা হয়। তবে এটা প্রয়োজনের তুলনায় নগণ্য বলে উল্লেখ করেছেন পোলট্রি খামার মালিক সমিতির নেতারা।মৃত পোলট্রি ব্যবসায়ী আবদুস সালামের বড় ছেলে রফিকুল ইসলাম বলেন, তাঁর বাবা চার বছর আগে ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নেন। আসল টাকা পরিশোধ করলেও সুদের টাকা তিনি পরিশোধ করতে পারেননি। এরপর তিনি আশা থেকে ৯০ হাজার টাকা ঋণ নেন। সেখানে টাকা পরিশোধ করতে না পেরে তাঁর বাবাকে ওই সংস্থায় কাজ নিতে হয়। ঋণের টাকা কেটে রাখার পর যা বেতন পেতেন তা দিয়ে সংসার চলত না। একপর্যায়ে গত ৩ মে তিনি বিষপানে আত্মহত্যা করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল আলীম বলেন, পোলট্রিশিল্প বাঁচাতে হলে খামারিদের প্রয়োজনীয় উপকরণ বিশেষ করে খাবার ও ভ্যাকসিনে ভর্তুকি দিতে হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় সরকারি বরাদ্দ বাড়ানোর সঙ্গে ইউনিয়ন পর্যায়ে লোকবল নিয়োগ করা এবং ভারতীয় বাচ্চা আমদানি বন্ধ করতে হবে।