
তিনি জাতীয় সংসদে সরকারি দলের একজন হুইপ। ২০০৮ সালের নির্বাচনের জন্য দেওয়া হলফনামা অনুযায়ী, তিনি ছিলেন সারা দেশের সব দলের প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম সম্পদের মালিক। জনপ্রিয়তাই ছিল তাঁর পুঁজি। সাধারণ মানুষ চাঁদা দিয়ে তাঁর নির্বাচনী খরচ জুগিয়েছে।
তৃণমূলের এমন একজন নেতা সাংসদ হয়ে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে হুইপ করে বিশেষ মর্যাদা দেন। এই মর্যাদা কাজে লাগিয়ে গত পাঁচ বছরে তিনি নিজের ও নির্ভরশীলদের নামে জায়গা-জমি কিনেছেন, ঢাকায় একাধিক ফ্ল্যাটও কিনেছেন। কুড়িয়েছেন নিয়োগবাণিজ্য আর কাবিটা-কাবিখার টাকা নয়ছয়ের অভিযোগ। অর্জন করেছেন সন্ত্রাসী ‘হাতুড়ি বাহিনী’ ও ‘গামছা বাহিনী’ লালনের দুর্নাম। এলাকার মানুষ ও দলের নেতা-কর্মীদের কাছে হয়ে উঠেছেন ত্রাস।
তিনি শেখ আবদুল ওহাব, গত নির্বাচনে যশোর-৬ (অভয়নগর-কেশবপুর) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ। তবে গত পাঁচ বছরে দলের মধ্যে ও জনগণের কাছে তাঁর ভাবমূর্তি এতটাই ক্ষুণ্ন হয়েছে যে এবারের একতরফা নির্বাচনের জন্যও নৌকায় উঠতে পারেননি ওহাব। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও দলের জরিপের ভিত্তিতে এবার তাঁকে মনোনয়নই দেয়নি আওয়ামী লীগ। কিন্তু জীবনে প্রথমবার সাংসদ ও হুইপ হয়ে ‘ক্ষমতার স্বাদ’ পাওয়া ওহাব দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। পুনর্বিন্যস্ত আসন যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী রনজিত কুমার রায়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী তিনি।
এবার নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা ও আয়-ব্যয় ফরমে ওহাব যা লিখেছেন, প্রথম আলোর অনুসন্ধান বলছে, পাঁচ বছরে তিনি তার চেয়েও অনেক বেশি সম্পদ করেছেন। আর অন্য অনেকের মতো অস্বাভাবিক বেড়েছে তাঁর গৃহিণী স্ত্রীর সম্পদ।
হলফনামা ২০০৮ থেকে ২০১৩: ২০০৮ সালের হলফনামায় তিনি পেশা লিখেছিলেন, কৃষি ও সমাজসেবা। এবার তার সঙ্গে একটি ‘অন্যান্য’ যোগ হয়েছে।
সেবারের হলফনামায় তাঁর আয়-সম্পদ ছিল যৎসামান্য। কৃষি থেকে বার্ষিক আয় এক লাখ ২০ হাজার, হাতে নগদ ৭৫ হাজার এবং ব্যাংকে ৫১ হাজার ১২৬ টাকা। নিজের নামে দুই একর এবং স্ত্রীর নামে এক একর কৃষি জমি। অকৃষি জমি ৪০ শতক, নিজের। পাঁচ ভরি স্বর্ণ, স্ত্রীর। একটি টিভি ও ফ্রিজ। গ্রামে একটি টিনচালা আধা পাকা বাড়ি।
২০০৮ সালে অভয়নগরের নওয়াপাড়ায় এক নির্বাচনী জনসভায় ওহাব বলেছিলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর আমার বাড়ির টিনশেড ঘর যদি বদলে যায়, তাহলে বুঝবেন আমি দুর্নীতি করেছি।’ এখন সিঙ্গাড়ী গ্রামে সেই বাড়ির জায়গায় উঠেছে দোতলা পাকা ভবন।
এবারের হলফনামা ও আয়-ব্যয় বিবরণীতে সাংসদের বেতন-ভাতা বাবদ বার্ষিক আয় ২২ লাখ টাকার কিছু বেশি। হাতে নগদ দেড় লাখ এবং ব্যাংকে আড়াই লাখের কিছু বেশি টাকা। ১১ লাখ টাকার ডাকঘর সঞ্চয়পত্র (পিএসএস)। কৃষিজমি সাড়ে তিন একরের মতো। পূর্বাচলে রাজউকের ১০ কাঠার একটি প্লট। সিঙ্গাড়ীতে দোতলা পাকা বাসভবন; আধা পাকা টিনের বাড়ি। শুল্কমুক্ত সুবিধায় আনা ২৭ লাখ ১৬ হাজার টাকা দামের একটি জিপ। স্বর্ণ সাত ভরি। তিনটি ফ্রিজ। একটি বন্দুক ও একটি পিস্তল।
বহু গুণ বেড়েছে গৃহিণী স্ত্রীর অর্থ-সম্পদ: নগদ সাড়ে আট লাখ টাকা। পিএসএস ২৫ লাখ ৯ হাজার ৮০৫ টাকার। ২৫ ভরি স্বর্ণ। একটি শীতাতপনিয়ন্ত্রণযন্ত্র। ৪৭ শতাংশ কৃষিজমি। নওয়াপাড়ায় ১০ শতাংশ অকৃষি জমি।
নির্ভরশীলদের নামে দেখিয়েছেন ঢাকার শাহিনবাগে প্রতিটি ১৩৩৮ বর্গফুটের দুটি ফ্ল্যাট। অন্যত্র ৫৪ শতাংশ কৃষিজমিও দেখিয়েছেন। নিয়মানুযায়ী হলফনামায় এগুলোর অর্জনকালীন দাম রয়েছে। এ ছাড়া জমি বন্ধক বাবদ আট লাখ টাকার মতো দায় দেখিয়েছেন।
হলফনামায় যা দেখাননি: হলফনামায় উল্লেখ নেই, তবে প্রথম আলো সাংসদ ওহাবের নামে জমির মালিকানার চারটি দলিল পেয়েছে। এগুলো দেখাচ্ছে, তিনি সিঙ্গাড়ী মৌজায় ৫৩ শতাংশ অকৃষি জমি এবং ভাটপাড়া মৌজায় ৭২ শতাংশ ধানি জমি কিনেছেন।
অভয়নগর ভূমি নিবন্ধন কার্যালয়ের সূত্র বলছে, ওহাবের মেয়ে সোনিয়া আফরিন হীরার নামে কোদলা মৌজায় ২০১১ ও ২০১২ সালে পাঁচটি আলাদা দলিলে মোট চার একর ৬৩ শতাংশ জমি কেনা হয়েছে, যার বাজারদর এক কোটি টাকার বেশি। সোনিয়া আফরিন বিবাহিত। তাঁর ব্যবসায়ী স্বামীর বাড়ি ঝিকরগাছা উপজেলায়। সূত্রটি বলছে, মেয়ের নামে এ জমি কিনেছেন ওহাব।
নামের পাগল: এম এ পাস এই সাংসদ শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পরপর তিনি সিঙ্গাড়ী গ্রামের কলেজটির নাম পাল্টে নিজের নামে করে নেন। আইনানুযায়ী এ জন্য তাঁকে কলেজের নামে ১৫ লাখ টাকা দিতে হয়েছে। হলফনামার তথ্যানুসারে এ টাকা তাঁর তখন ছিল না।
আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলছেন, তিনি ওই কলেজের নামে নওয়াপাড়ার ব্যবসায়ী-শিল্পপতিদের কাছ থেকে চাঁদা, রড, সিমেন্ট ইত্যাদি নিতেন। কয়েকজন ব্যবসায়ীও এ অভিযোগ করেন। গত বছর পর্যন্ত কলেজটির নামে তিনি যশোর জেলা পরিষদের কাছ থেকে প্রায় ২৯ লাখ টাকা নিয়েছেন।
হুইপ ওহাব এলাকায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজের নামে এবং একটি তাঁর বাবার নামে প্রতিষ্ঠা করেছেন। এ জন্য প্রতিটি স্কুলের নামে ৩৩ শতাংশ করে জমি দান করতে হয়। কিন্তু দলিল দেখাচ্ছে, এই স্কুলগুলোর জমি দিয়েছেন অন্যরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, অন্যের জমিতে নিজের নামে সরকারি স্কুল করা বেআইনি। এ ছাড়া অভয়নগরে খাসজমিতে নিজের নামে স্টেডিয়াম নির্মাণের জন্য কাবিখার চালের টাকায় ব্যয় করেছেন তিনি।
নিয়োগ-বাণিজ্য: অভিযোগ আছে, তাঁর অর্থবিত্তের বড় উৎস এলাকার স্কুল-কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্য। এ জন্য তিনি বিভিন্ন সময়ে নওয়াপাড়া মডেল কলেজ, নওয়াপাড়া কলেজ, কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ, কেশবপুর কলেজ ও শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজের সভাপতি হয়েছেন। এসব প্রতিষ্ঠানে নিয়োগে অনিয়মের অভিযোগ আছে। এ ছাড়া ১০৫টি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক ও ২১টি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্র্রহরী নিয়োগেও হুইপের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।
নওয়াপাড়া কলেজে ২০১০ সালে নিয়োগ পরীক্ষায় প্রথম হয়ে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ছেলে। তিনি অভিযোগ করেছেন, হুইপ তাঁর কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা দিতে না পারলে কলেজ তাঁর পদে পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। তিনি মামলা করলে হুইপ তাঁকে সেটা প্রত্যাহারে বাধ্য করেন।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের নেতা এবং কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ওই কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য রুহুল আমিন নামের একজন প্রার্থীর কাছ থেকে তাঁর মাধ্যমে পাঁচ লাখ টাকা নিয়েছিলেন হুইপ। কিন্তু তাঁকে নিয়োগ দেননি। টাকাও ফেরত দেননি। তাঁর বিরুদ্ধে টিআর, কাবিখা বা কাবিটা বরাদ্দের টাকার ভাগ নেওয়ার অভিযোগ রয়েছে। প্রথম আলো অনুসন্ধান করে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ পাওয়া অনেকগুলো প্রতিষ্ঠানের অস্তিত্ব পায়নি।
ত্রাস ও সন্ত্রাস: গত নির্বাচনে নানা শ্রেণী-পেশার মানুষ ওহাবের নির্বাচন তহবিলে চাঁদা দিয়েছেন। কিন্তু এখন কেশবপুর-অভয়নগরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে প্রথম আলো তাঁর প্রতি ভীতি দেখতে পেয়েছে। দলের নেতা-কর্মীরাও তাঁর ভয়ে সন্ত্রস্ত ও অতিষ্ঠ।
অভিযোগ আছে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সমালোচকদের শায়েস্তা করার জন্য তিনি দুটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। অভয়নগরে ‘গামছা বাহিনী’। কেশবপুরে ‘হাতুড়ি বাহিনী’। এই দুই বাহিনীর নেতা ও অধিকাংশ সদস্যকে বিভিন্ন অনুষ্ঠানে হুইপের পাশে দেখা যেত। গামছা বাহিনীর প্রধান হিসেবে পরিচিত নওয়াপাড়ার যুবলীগ নেতা আলমগীর হোসেন শিমুল গত ২৭ অক্টোবর হরতালের সময় প্রতিপক্ষের পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। হুইপ তখন ঢাকায় ছিলেন। তবে গত ১৫ নভেম্বর তিনি নওয়াপাড়ায় শিমুলের বাড়ি গিয়ে তাঁর হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার কথা দিয়ে আসেন।
ওই দুই বাহিনী ছাড়াও অভয়নগরের সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস ও সিদ্ধিপাশা ইউনিয়নের চেয়ারম্যান খান এ কামাল হুইপের সরাসরি মদদে নিজ নিজ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে আবদুল ওহাব তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসী লালনের অভিযোগগুলো অস্বীকার করেন। তবে অভয়নগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা অওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মালেক মোল্লা প্রথম আলোকে বলেন, হুইপের কাজকর্ম দলকে বিব্রত ও ক্ষুব্ধ করেছে।
(প্রতিবেদনটির তথ্য অনুসন্ধানে সহায়তা করেছেন আমাদের যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম ও কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক)।