পাঁচ বছরে ধূমপানে আসক্ত নতুন ৮৭ লাখ মানুষ
দেশে গত পাঁচ বছরে নতুন করে ধূমপানে আসক্ত হয়েছে ৮৭ লাখ মানুষ। গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থা ‘মানস’ রাজধানীতে এক সেমিনারে এ তথ্য দিয়েছে।জাতীয় প্রেসক্লাবে মানস আয়োজিত ‘তামাক ও ধূমপানের কারণে ৫০ লাখ মৃত্যু ও এফসিটিসি বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে জানানো হয়, নতুন ৮৭ লাখ ধূমপায়ীর মধ্যে ৪৮ লাখ পুরুষ ও ৩৯ লাখ নারী।দি ইন্টারন্যাশনাল টোবাকো কন্ট্রোল পলিসি ইভালুয়েশন প্রজেক্টের (আইটিসি প্রজেক্ট) সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।সেমিনারে মত প্রকাশ করা হয়, তামাক নিয়ন্ত্রণ আইনে দুর্বলতা থাকায় এবং তা যথাযথ বাস্তবায়ন না হওয়ায় তামাক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, ‘শুধু সচেতনতা দিয়ে তামাক নিয়ন্ত্রণ করা যাবে না। জাতীয় সংসদের লবিগুলো ধূমপানমুক্ত। তবু প্রায়ই লুকিয়ে লুকিয়ে অনেকে ধূমপান করেন। তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা থাকা দরকার।’আব্দুস শহীদ বলেন, বিদ্যমান আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। তবে এখন পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রস্তাব আসেনি।মানসের সভাপতি অরূপ রতন চৌধুরী বলেন, বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক কনভেনশনে প্রথম স্বাক্ষরদাতা দেশ। কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোয় শক্তিশালী আইন প্রণয়ন ও প্রয়োগে ধূমপায়ীর সংখ্যা কমলেও বাংলাদেশে তা বাড়ছে।এক উপস্থাপনায় অরূপ রতন চৌধুরী দেখান, দেশে সিগারেট ও বিড়ি—উভয় সেবনকারীর হার ২০০৪-০৫ সালে যেখানে ছিল মাত্র দশমিক ৭ শতাংশ, ২০০৯ সালে এসে তা ৯ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। এখন দেশের চার কোটি ১১ লাখ মানুষ তামাক ও তামাকজাত পণ্য সেবন করছেন।মানসের সভাপতি আরও বলেন, ‘সমাজের প্রতি দায়বদ্ধতা’র নামে তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সবাইকে ধোঁকা দিচ্ছে। তারা ঘটা করে বৃক্ষরোপণ করছে। সরকার তামাকজাত পণ্যের ওপর শুল্ক বাড়ালেই বছরে দুই হাজার ৪০০ কোটি টাকা কর দেওয়ার কথা বলছে। কিন্তু আসল সত্য হলো, তামাক শুকানোর জন্য এই প্রতিষ্ঠানগুলো নির্বিচারে বন উজাড় করছে। আর দেশে তামাক সেবনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের ২৫ শতাংশের জন্য স্বাস্থ্য খাতে সরকারের ব্যয় হচ্ছে দুই হাজার ৬০০ কোটি টাকা।মানসের সাধারণ সম্পাদক চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে পপিচাষ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তামাকচাষ নিষিদ্ধ করা হচ্ছে না। কেউ ধূমপানের কারণে রোগাক্রান্ত হয়ে মারা গেলেও বিষয়টি সেভাবে প্রচার করা হচ্ছে না। যেমন বলা হচ্ছে, অমুক ব্যক্তি ফুসফুসের ক্যানসারে মারা গেছে; কিন্তু বলা হচ্ছে না যে সে সিগারেট খাওয়ার কারণে মারা গেছে।’সেমিনারে ধোঁয়াবিহীন তামাকপণ্য, যেমন—জর্দা, সাদাপাতা ও গুল ব্যবহারে নিষেধাজ্ঞা, সিগারেটের মোড়কে সচিত্র সতর্কতা বাণী দেওয়া, অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বিক্রি বন্ধ করা, তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনে জরিমানার পরিমাণ বাড়ানো, তামাকচাষ নিরুৎসাহিত করা ও তামাকের ওপর কর বাড়ানোর দাবি জানানো হয়।