২০২০ সাল থেকে নগরবাসীকে ২৪ ঘণ্টা সুপেয় পানি সরবরাহ করতে পারবে চট্টগ্রাম ওয়াসা। জাইকা ও বিশ্বব্যাংক এ ব্যাপারে ওয়াসাকে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে।
জাইকার সহায়তায় চট্টগ্রাম ওয়াসার চলমান প্রকল্পগুলো নিয়ে গতকাল শনিবার নগরের একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব তথ্য দেওয়া হয়। চট্টগ্রাম ওয়াসা ও জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ জানান, চট্টগ্রাম নগরে এখন প্রতিদিন পানির গড় চাহিদা ৫০ কোটি লিটার। কিন্তু ২১ কোটি লিটারের বেশি সরবরাহ করতে পারছে না ওয়াসা। জাইকার সহায়তায় কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ১ ও ২-এর কাজ শেষ হলে প্রতিদিন ২৮ কোটি লিটার পানি সরবরাহ বাড়বে। এর মধ্যে চলতি বছরেই কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ১-এর কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অপরটি শেষ হবে ২০১৯ সালে।
এ কে এম ফজলুল্লাহ আরও জানান, বিশ্বব্যাংকের সহায়তায় দৈনিক নয় কোটি লিটার পানি উৎপাদনের জন্য ওয়াসা আরও একটি প্রকল্পের কাজ শুরু করেছে। তিনি জানান, এ ছাড়া জাইকা পানির অপচয় হ্রাস এবং ওয়াসার মানবসম্পদ উন্নয়নের জন্য কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে। জাইকা ছাড়াও জাপান ওভারসিজ কো-অপারেশন ভলান্টিয়ারস নামের আরেকটি সংস্থা শহরের নিম্ন আয়ের মানুষের মধ্যে পানি সরবরাহ সেবা দিয়ে যাচ্ছে।
সেমিনারে জাইকার জ্যেষ্ঠ প্রতিনিধি টাকু ইয়ামাবে জানান, চট্টগ্রাম ছাড়াও খুলনায় পানি সরবরাহ প্রকল্পে জাইকা অর্থসহায়তা দিচ্ছে।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান তাশারুফ হোসেইন ফরাজী, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ধীরেন্দ্রনাথ সরকার, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম।