পাঁচ বছরে বাসাভাড়া বেড়েছে তিন গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপম সরকার। পেশায় ব্যাংক কর্মকর্তা। ১৫ বছর ধরে তিনি পেশাগত কারণে সিলেট নগরে বসবাস করছেন। তিনি ছয় সদস্যের পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকছেন। বিভিন্ন সময় কোনো কারণ ছাড়াই বাসা ভাড়া হুটহাট বেড়ে যাওয়ায় তাঁকে ১০ থেকে ১২ বার বাসা বদল করতে হয়েছে।
রূপম জানান, ১৯৯৯ সালে নগরের চালিবন্দর এলাকায় তিনি আড়াই হাজার টাকায় দুই কক্ষবিশিষ্ট একটি বাসা ভাড়া নেন। ২০০১ সালের দিকে ওই বাসা ভাড়া বেড়ে সাড়ে তিন হাজার টাকায় ঠেকে। এভাবে নানা এলাকায় বাসা বদল শেষে বর্তমানে তিনি নগরের সোবহানীঘাট এলাকায় চালিবন্দর এলাকার ওই বাসাটির মতোই দুই কক্ষবিশিষ্ট একটি বাসা সাড়ে সাত হাজার টাকায় ভাড়া নিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় জীবনযাপনের খরচে ঢাকার পরেই রয়েছে সিলেটের অবস্থান। এখানে বাসা ভাড়া অনেক। বিভাগীয় শহর এবং লন্ডনি-অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পরিমাণ অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি। তাই নগরে মানুষের সংখ্যা বেড়েই চলছে। আর এ সুযোগে বাসার মালিকেরা ক্রমশ বাড়িভাড়া বাড়াচ্ছেন।
নগরের সাদিপুর এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক শহীদুর মিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বেতনের অর্ধেক টাকাই বাড়িভাড়ায় যাচ্ছে। গত বছর বাড়িভাড়া ৫০০ টাকা বেড়েছিল। ছয় মাস যেতে না-যেতেই গত মাস থেকে মালিক আরও ২০০ টাকা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এটা দেখার কি কেউ নেই?
কয়েক দিন ধরে নগরের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় অর্ধশতাধিক ভাড়াটিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, গত পাঁচ বছরের ব্যবধানে নগরে বাসাভাড়া বেড়েছে কমপক্ষে তিন গুণ। বাসাভাড়া বাড়ানো-সংক্রান্ত কোনো নীতিমালা না থাকায় মালিকেরা নিজেদের ইচ্ছামতো যখন-তখন ভাড়া বাড়াচ্ছেন। এ অবস্থায় একটি নীতিমালা তৈরি করে সেটি বাস্তবায়নের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘বছরে এক বা একাধিকবার বাসাভাড়া বাড়ানোর বিষয়ে একাধিক অভিযোগ আমরা পেয়েছি। হুটহাট বাসাভাড়া বেড়ে যাওয়ার কারণে ভাড়াটিয়াদের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে। এটি বিবেচনায় এ-সংক্রান্ত কোনো নীতিমালা তৈরি করা যায় কি না, সেটা নিশ্চয়ই আমরা ভেবে দেখব।’