পাঁচ বছরে বোরোর আবাদ অর্ধেক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় পাঁচ বছরের ব্যবধানে বোরোর আবাদ প্রায় অর্ধেকে নেমে এসেছে। বছরের পর বছর লোকসান হতে থাকায় অনেক কৃষকই বোরো চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এর পরিবর্তে তাঁরা ঘাস, পেঁয়াজ, গমসহ অন্য ফসল চাষে ঝুঁকে পড়ছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে উপজেলায় বোরোর আবাদ হয়েছিল ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে। গত বছর আবাদ হয় ৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে। এর মাঝে ২০১৩ সালে ৬ হাজার ৭০ হেক্টর, ২০১৪ সালে ৫ হাজার ৮৩৫ হেক্টর ও ২০১৫ সালে ৫ হাজার ৪৮৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। চলতি বছর বোরো চাষের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৪৪০ হেক্টর জমিতে ধরা হলেও তা নিয়ে রয়েছে সংশয়।
উপজেলার ১৫ জনের বেশি কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছরই তাঁরা অনেক আশা নিয়ে বোরোর আবাদ করেন। কিন্তু উৎপাদিত ধান বাজারে নেওয়ার পর লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই ওঠে না। পরিবর্তে ঘাস, পেঁয়াজ, গমসহ অন্য ফসল আবাদ করলে ভালো লাভ পাওয়া যায়। তাই কৃষকেরা ধানের পরিবর্তে ওই সব ফসল, বিশেষ করে ঘাসের আবাদে ঝুঁকে পড়েছেন।
বেড়া পৌর এলাকার শম্ভুপুর ফসলের মাঠে গিয়ে দেখা যায়, বেশির ভাগ মাঠজুড়েই ঘাস চাষ করা হয়েছে। অথচ একসময় ওই ফসলের মাঠের পুরো অংশেই ধানের আবাদ করা হতো। মাঠে ঘাসের খেতের পরিচর্যা করছিলেন পায়না গ্রামের আমোদ আলী ও শম্ভুপুর গ্রামের আয়েজউদ্দিন ব্যাপারী। তাঁরা বলেন, ওই মাঠের সবাই একসময় বারোর আবাদ করতেন। বোরোর আবাদে লোকসান হওয়ায় সাত-আট বছর আগে সেখানে দুই-তিনজন কৃষক ঘাস চাষ শুরু করেন। তাঁদের ভালো লাভ করতে দেখে ধীরে ধীরে অন্য কৃষকেরাও বোরোর পরিবর্তে ঘাস চাষে আগ্রহী হয়ে ওঠেন। এভাবে এখন ওই মাঠের বেশির ভাগ অংশেই ঘাস চাষ হচ্ছে। তাঁরা বলেন, চার-পাঁচ বছর আগে তাঁরাও বোরোর আবাদ করতেন। কিন্তু তারপর থেকে বোরোর আবাদ বাদ দিয়ে ঘাস চাষ করছেন। ঘাস চাষে তাঁদের ভালো লাভ হচ্ছে।
ছোট পায়না গ্রামের ফসলের মাঠে গিয়েও বোরো চাষের তোড়জোড় দেখা যায়নি। অথচ একসময় ওই মাঠের প্রায় পুরোটাতেই বোরোর আবাদ হতো। বোরোর পরিবর্তে ওই মাঠে কৃষকদের ঘাস, পেঁয়াজ ও গম চাষে ব্যস্ত থাকতে দেখা যায়। মাঠে পেঁয়াজের জমিতে কাজ করছিলেন ইদ্রিস মোল্লা। তিনি বলেন, ‘আমার তিন বিঘা জমি। বোরো চাষ কইর্যাশ বছর বছর খালি লস দিছি। তাই বছর দুয়েক হলো জমির অর্ধেক অংশে ঘাস আর বাকি অংশে পেঁয়াজের আবাদ করতেছি। এখন ভালোই লাভের মুখ দেখতেছি।’
বেড়া কৃষি ক্লাবের সভাপতি এম আর এম ফিরোজ বলেন, ‘এখন ধানের দাম কিছুটা বেশি। কিন্তু নতুন ধান ওঠার পর এমন দাম থাকবে কি না, তার নিশ্চয়তা নেই। তাই অনেক কৃষকই ঝুঁকি না নিয়ে এবারও বোরোর পরিবর্তে অন্য ফসল চাষে আগ্রহী। অন্য ফসলের মধ্যে কৃষকেরা এবার সবচেয়ে বেশি আগ্রহী ঘাস চাষে। বোরোর আবাদ যেভাবে কমছে, তাতে আগামী আট-দশ বছরের মধ্যে আমাদের উপজেলায় এর অস্তিত্ব খুঁজে পাওয়াই মুশকিল হবে।’
বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা ঈসমাইল হোসেন বলেন, কৃষক যখন যেটাতে দাম বেশি পান, তখন সেটাই চাষ করেন। কোনো কোনো কৃষক বোরোর পরিবর্তে অন্য ফসলে হয়তো লাভ বেশি পাচ্ছেন। এ কারণে বোরোর আবাদ কিছুটা কমেছে।