পাঁচ বছরে লাভ পায়নি সরকারি পাটকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পাঁচ বছরে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো লাভের মুখ দেখেনি। বর্তমানে ২২টি পাটকল চালু আছে। তবে লোকসান হলেও এসব পাটকল লিজ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।

গতকাল সোমবার সংসদে পিনু খানের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকার পাট খাতের উন্নয়ন ঘটাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৫ সাল থেকে ধান, চাল, ভুট্টা, সার ও চিনি পণ্যের ক্ষেত্রে পাটের বস্তার ব্যবহার বেড়েছে। পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে মোট রপ্তানি আয়ের ৩ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়ে থাকে। মন্ত্রী আরও বলেন, বিটিএমসির অধীনে সরকারের ২০টি বস্ত্রকল রয়েছে। তবে গত অর্থবছরে এসব কলের একটিও লাভ করতে পারেনি।

হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, ২০১৫-১৬ অর্থবছরে বিজেএমসি বিশ্বের ১০৪টি দেশে ৮৫ হাজার ২০৮ দশমিক ৬৩ টন পাটজাত পণ্য রপ্তানি করে ৬৫৯ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করেছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এ খাতের বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৬৩ কোটি ৯৩ লাখ টাকা।

মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, দেশে বছরে বস্ত্রের চাহিদার পরিমাণ প্রায় ২ হাজার ৪০০ মিলিয়ন মিটার। উৎপাদন হয় ১ হাজার ৭০০ মিলিয়ন থেকে ২ হাজার মিলিয়ন মিটার। প্রায় ৪৯০ মিলিয়ন মিটার কাপড় বিদেশ থেকে আমদানি করতে হয়।

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বস্ত্রশিল্প কারখানাগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদার ৭০-৮৩ শতাংশ মেটাতে সক্ষম। রপ্তানিযোগ্য বস্ত্রশিল্পের মধ্যে ওভেন পোশাকের ক্ষেত্রে প্রায় ৫০-৬০ শতাংশ আর নিট পোশাকের ক্ষেত্রে প্রায় ৯০ শতাংশ কাঁচামাল স্থানীয়ভাবে সরবরাহ করা হয়।

কামরুল আশরাফ খানের প্রশ্নের জবাবে ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, বর্তমানে দেশে প্রায় ১৭ লাখ একর জমিতে পাট চাষ করা হয়। সরকারের নানা উদ্যোগের ফলে পাটচাষিরা বর্তমানে পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন।

মমতাজ বেগমের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে প্রাইভেট কারের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের অনুকূলে মোটরযান নিবন্ধনের সর্বোচ্চ সীমা নির্ধারণের বিধান প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গরিব চালকদের মানবিক দিক বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত ইজি বাইক চালানোর সুযোগ দেওয়ার বিষয়ে সরকারি দলের সাংসদ সাইমুম সারওয়ারের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব গাড়ি একদিকে বিদ্যুতের অপচয় করছে, অন্যদিকে এগুলোকে টোকা দিলে এর চালক-যাত্রী সবাই মারা যাচ্ছে। সাংসদকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘একজন জনপ্রতিনিধি হয়ে এসব গাড়ির প্রতি সমর্থন দিচ্ছেন আপনি কী করে। দুর্ঘটনার জন্য চালকদের বেপরোয়া ড্রাইভিং তো আছে। এ ছাড়া দেখবেন যেখানেই দুর্ঘটনা সেখানেই ইজিবাইক, ভটভটি, নছিমন-করিমন। ইজিবাইকের গতির ঠিক কেই। চালকেরা অসহায়ের মতো চালাচ্ছে। আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা। জীবনের থেকে কী জীবিকা বড় হতে পারে? জীবন যেখানে হুমকির মুখে, সেখানে জীবিকা দিয়ে কী হবে? জীবিকার কথা বলে জীবনকে হুমকির মুখে ঠেলে দেওয়া যায় না। হাইকোর্টও এসব যান মহাসড়কে চলার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন।’