পাঁচ বছরে শিশু ডায়াবেটিস রোগী বেড়েছে চার গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নিবন্ধিত শিশু ডায়াবেটিস রোগীর সংখ্যা গত পাঁচ বছরে চার গুণেরও বেশি বেড়েছে। ২০১০ সালে শিশু ডায়াবেটিস রোগী ছিল ১৬০ জন। ২০১৫ সালে তা বেড়ে ৭৫০ জন হয়েছে। অথচ ২০০৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ১৭। এই তথ্য চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের। আর চট্টগ্রামে নিবন্ধিত পূর্ণবয়স্ক রোগীর সংখ্যা দুই লাখেরও বেশি।
শিশুদের ডায়াবেটিসের প্রধান কারণ কী, তা জানতে চাইলে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টি কর্মকর্তা হাসিনা আকতার বলেন, খাদ্যাভ্যাস ও পুষ্টি সম্পর্কে অসচেতনতা শিশুদের ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। যেসব মা গর্ভকালীন পর্যাপ্ত পুষ্টি পান না, অনেক ক্ষেত্রে দেখা গেছে তাঁদের শিশুদের অগ্ন্যাশয়ে ঠিকমতো ইনসুলিন তৈরি হয় না। আর বংশগত বা জন্মগত ত্রুটির কারণ তো আছেই। ডায়াবেটিস আক্রান্ত শিশুদের বেশির ভাগই টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত। এদের সারাজীবন ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন গ্রহণ করতে হয়।
হাসিনা আকতার বলেন, সুষম খাদ্য না দিয়ে অনেক মা-বাবা শিশুদের মুখে তুলে দিচ্ছেন ফাস্ট ফুড, কোমল পানীয়। উচ্চতা ও বয়স অনুযায়ী শিশুর ওজন নিয়ে বেশির ভাগ অভিভাবক ভাবেন না। এ ছাড়া খেলাধুলার জায়গা না থাকায় শিশুদের শারীরিক পরিশ্রমও হয় না। এ কারণে শহরের শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি।
চট্টগ্রাম নগরের মোহরা হামিদচর এলাকার ১০ বছর বয়সী আনিসুর রহমান গত পৌনে চার বছর ধরে ডায়াবেটিসের রোগী। দিনে তিন বেলা ইনসুলিন নিতে হয় তাকে। শুধু আনিসুরই নয়, দেড় বছর ধরে একই রোগে ভুগছে তার বোন নাদিয়া আকতারও। তার বয়স ১১। নাদিয়া-আনিসুরের মা-বাবা কারোরই এ রোগ নেই। চিকিৎসকেরা জানিয়েছেন, চট্টগ্রামে প্রতিবছরই ডায়াবেটিসে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। পুষ্টি সম্পর্কে অসচেতনতা, জীবনযাপন পদ্ধতি শিশুদের এ রোগের অন্যতম মূল কারণ।
আনিসুর ও নাদিয়ার বাবা মো. ইউনুস প্রথম আলোকে বলেন, ‘খুব কম বয়সে বাচ্চা দুইটার এ রোগ ধরা পড়ল। ছেলেটা প্রথমে যখন ঘন ঘন জ্ঞান হারাত, বেশি প্রস্রাব করত, তখনো বুঝি নাই ওর কী হয়েছে। পরে পরীক্ষায় ধরা পড়ল ডায়াবেটিস। দুই বছর পর মেয়েটারও একই রোগ ধরা পড়ে।’
ডায়াবেটিসের কারণে নিজের জীবনযাপন পদ্ধতি অন্য শিশুদের চেয়ে একটু আলাদা, এটা এ বয়সেই ভালোভাবে বোঝে আনিসুর। রক্তে চিনির পরিমাণ মাপার জন্য স্কুলব্যাগেই গ্লুকোমিটার বহন করতে হয় তাকে। সে বলে, ‘এমনিতে কোনো সমস্যা হয় না। সবার সঙ্গে খেলাধুলা করি, লেখাপড়া করি। তবে ঘড়ি ধরে খেতে হয় আর মিষ্টিজাতীয় খাবার খেতে পারি না।’
দেড় বছর বয়সী পূর্ণশ্রীও ডায়াবেটিসের রোগী। মাত্র দুই মাস বয়সে তার ডায়াবেটিস রোগ ধরা পড়ে। তার মা শেলী ভৌমিক বলেন, ‘ওর ছোট্ট শরীরে যখন সুঁইয়ের ফোঁড় দিই, ব্যথাটা মনে হয় আমার কলিজায় এসে লাগে।’
শিশুদের ডায়াবেটিস হলে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব কয়েক গুণ বেশি বেড়ে যায় বলে মনে করেন চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের ডায়াবেটিক বিশেষজ্ঞ নওশাদ আজগার চৌধুরী। তিনি বলেন, নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে থাকলে ডায়াবেটিস রোগী সারা জীবন সুস্থ থাকে। কিন্তু শিশুদের তো খুব বেশি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় না। সে জন্য মা-বাবাকে খুব সচেতন হতে হয়। ডায়াবেটিসে আক্রান্ত শিশু স্কুলে বেশি খেলাধুলা করার সময় বা নানা কারণে তার রক্তে চিনির পরিমাণ কমে যেতে পারে। এ জন্য শিক্ষকদের তার প্রতি বিশেষ নজর রাখতে হবে।
শিশুদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে তাদের চোখ, কিডনি দীর্ঘস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানান চিকিৎসক নওশাদ আজগার চৌধুরী।