
ইংরেজি বিষয়ে এবার পাসের হার ৭৭ দশমিক ৯৫। গত বছর ছিল ৮৫ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে আইসিটি বিষয়ে এবার পাসের হার ৯৩ হলেও গতবার ছিল ৯৭ শতাংশ। এ দুটি বিষয়ে ফল বিপর্যয়ে গড় পাসের হারেও প্রভাব পড়েছে। এবার উচ্চমাধ্যমিকে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৫৯, যা গতবারের তুলনায় ৫ দশমিক ৯৮ শতাংশ কম। গত বছর পাসের হার ছিল ৭৪ দশমিক ৫৭।
গতকাল বৃহস্পতিবার সিলেট শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার পাসের হার পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বোর্ডে ২০১২ সালে ৮৫ দশমিক ৩৭ শতাংশ, ২০১৩ সালে ৭৯ দশমিক ১৩, ২০১৪ সালে ৭৯ দশমিক ১৬ এবং ২০১৫ সালে ৭৪ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ৬৩ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৪৩ হাজার ৮৭০ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ২০ হাজার ৭৭৯ ও মেয়ে ২৩ হাজার ৯১ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৩০ জন। এর মধ্যে ছেলে ৭৯৪ ও মেয়ে ৫৩৬ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৩৫৬ জন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ইংরেজিতে পরীক্ষার্থীরা বেশি খারাপ করেছে। তাই অন্যান্য বছরের তুলনায় এবার ফলাফল বিপর্যয় ঘটেছে। এ ক্ষেত্রে ইংরেজিতে কেন শিক্ষার্থীরা ফলাফল খারাপ করেছে, সেটি শিক্ষকসহ সংশ্লিষ্টদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে বোর্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি সৃজনশীল পদ্ধতিতে শিক্ষক-শিক্ষার্থীরা যেন অভ্যস্ত হয়ে উঠতে পারে, সে ব্যাপারেও বোর্ড ভূমিকা রাখার চেষ্টা করবে।’
বিজ্ঞানে ভালো ফল: গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে ভালো ফল করেছেন। এবার বিজ্ঞানে পাসের হার ৮৭ দশমিক ২৩। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৬ জন। বিজ্ঞানের পরপরই ভালো ফল করেছে ব্যবসায় শিক্ষা বিভাগ। এ বিভাগে পাসের হার ৭৬ দশমিক ৬৩। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৬১ জন। আর মানবিক বিভাগে পাসের হার ৬২ দশমিক ৬১। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৯৩ জন।
ছেলেরা কিছুটা এগিয়ে: ফলাফলের দিক দিয়ে সিলেট শিক্ষা বোর্ডে ছেলেরা মেয়েদের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছেন। ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৩১ আর মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছেন ৭৯৪ জন ছেলে এবং ৫৩৬ জন মেয়ে।
গত বছর শুধু বিজ্ঞান বিভাগে ছেলেরা মেয়েদের তুলনায় এগিয়ে ছিলেন। কিন্তু এ বছর তিনটি বিভাগেই মেয়েদের তুলনায় ছেলেরা পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছেন। এবার বিজ্ঞানে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৪৯ এবং মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ৯২।
মানবিকে ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ৪ এবং মেয়েদের পাসের হার ৬২ দশমিক ৩১। ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৭২, মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৫০।
ছেলেরা এগিয়ে থাকার বিষয়ে শিক্ষা বোর্ডের প্রোগ্রামার মো. শাহ-ই-আলম খান প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের ভালো ফলাফল করতে দেখা যায়। গত বছরও বিজ্ঞান বিভাগ ছাড়া বাকি দুটি বিভাগে সিলেট শিক্ষা বোর্ডে মেয়েরা এগিয়ে ছিল। এবার ছেলেদের এগিয়ে যাওয়ার বিষয়টি একটি ব্যতিক্রম ও ইতিবাচক ঘটনাই বটে।’
পাঁচ প্রতিষ্ঠানে শতভাগ পাস: বোর্ডের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে চারটিই সিলেট সদরে অবস্থিত এবং একটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার। তবে বোর্ডের অপর তিন জেলা থেকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই এ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। একজনও পাস করেননি, এবার এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ শিক্ষা বোর্ডে নেই। শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে সিলেট সদরের সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভাতরাই স্কুল অ্যান্ড কলেজ এবং সিলেট সদরের উইমেন্স মডেল কলেজ।
এ বিষয়ে শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, এটি নগরায়ণের প্রভাব। বোর্ডের চার জেলার মধ্যে সিলেট নগর ও জেলায় শিক্ষার মান অনেকটাই ভালো। তাই শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলোর সব কটিই সিলেট জেলায় অবস্থিত।