পাঁচ বছরে সম্পদ বেড়েছে মেয়রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরে নগদ টাকা, সোনা ও ব্যবসার পরিধি বেড়েছে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের। তাঁর বিরুদ্ধে থাকা হত্যা মামলায় সম্পৃক্ততা না পাওয়ায় পুলিশ তাঁর নাম অভিযোগপত্র থেকে বাদ দিয়েছে।
আবুল কালাম আজাদ তাহেরপুর পৌরসভার বর্তমান মেয়র। এবারের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন।
২০১০ ও চলতি বছরের হলফনামা থেকে জানা যায়, গত নির্বাচনে তাঁর ব্যাংকে জমা ও হাতে নগদ টাকা ছিলে ১ লাখ ৪০ হাজার টাকা। গত পাঁচ বছরে তা প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ২ লাখ ৩০ হাজার টাকা। পাঁচ বছর আগে তাঁর কাছে কোনো সোনা না থাকলেও তিনি এবার ২০ ভরি সোনার হিসাব দিয়েছেন। গত নির্বাচনের পর বিয়ে করায় তিনি এ সোনা কেনেন ও উপহার পান বলে তিনি উল্লেখ করেছেন।
গত নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামায় তিনি একতলা বাড়ির কথা বলেন। এবার তিনি দোতলা বাড়ির মালিক হয়েছেন। আগে উল্লেখ করার মতো ব্যবসা না থাকলেও এবার তিনি দুটি মাছের খামার করেছেন।
এবারের হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, পাঁচ বছর আগে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলাটি রাজনৈতিক মামলা হিসেবে সরকার প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু স্থানীয় আশরাফুল ইসলাম নামের এক যুবককে খুনের অভিযোগে ২০১৩ সালের ২৯ নভেম্বর বাগমারা থানায় একটি মামলা করা হয়। মামলায় আজাদসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাদের আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, এলাকার এক বিলে মাছ চাষ করা নিয়ে বিবাদের জের ধরে আশরাফুলকে গুলি করে হত্যা করা হয়। তবে, পুলিশ ওই খুনের ঘটনায় সম্পৃক্ততা না পাওয়ায় মামলার অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দিয়েছে।
মেয়র আবুল কালাম আজাদ বলেন, গত পাঁচ বছরে তাঁর উল্লেখযোগ্য কোনো সম্পদ বাড়েনি। তিনি ব্যবসা-বাণিজ্য করে কিছু সম্পদ বাড়িয়েছেন। মেয়রের সম্মানী ও ব্যবসার টাকা দিয়ে তিনি চলেন। তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে থাকা মামলা দুটি রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে।