মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডে গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসেছে। তবে ৯০ দশমিক ৭০ পাসের হার নিয়ে দেশের অন্য শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে।
শুধু পাসের হার নয়, গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এ ছাড়া প্রায় অর্ধেকে নেমে এসেছে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও। তবে তিন বছর থেকে সারা দেশের শিক্ষা বোর্ডগুলোর মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ড পাসের হারে শীর্ষস্থান ধরে রেখেছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার।
এই শিক্ষা বোর্ডের গত পাঁচ বছরের ফলাফল থেকে দেখা যায়, ২০১৩ সালে এই পাসের হার ছিল ৯৪ দশমিক শূন্য ৩, ২০১৪ সালে ৯৬ দশমিক ৩৪ শতাংশ। ২০১৫ সালে কিছুটা কমে পাসের হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ হলেও ২০১৬ সালে এসে তা দাঁড়ায় ৯৫ দশমিক ৭০ শতাংশে। এবার সেই হার নেমে এসেছে ৯০ দশমিক ৭০ শতাংশে। এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কিছুটা কমেছে। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। গত বছর এই শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ৫৯৪।
শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও গতবারের চেয়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ বছর বোর্ডের অধীনে থাকা ৪২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অথচ গত বছর এই সংখ্যা ছিল ৮০০টি। ২০১৫ সালে ছিল ৯৬৯টি এবং ২০১৪ সালে ছিল ১ হাজার ৫৫টি। এ বছর বোর্ডের অধীনে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল দুটি।
রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ বছর ১ লাখ ৬৬ হাজার ৯৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ছাত্রী ৮০ হাজার ২১৯ এবং ছাত্র ৮৬ হাজার ৭১৯ জন। পাস করেছে ১ লাখ ৫১ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। ছাত্রদের পাসের হার ৯০ দশমিক শূন্য ১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ২৭৪ জন ছাত্রী এবং ৯ হাজার ৭৫ জন ছাত্র । এই বোর্ডের অধীনে এবার ২ হাজার ৬৩২টি বিদ্যালয়ের শিক্ষার্থী ২৩২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে একটায় রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এই ফলাফল তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার। এ সময় বোর্ডের সচিব আনোয়ারুল হক প্রাংসহ বিভিন্ন পযার্যের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছরের তুলনায় এ বছরের ফলাফল খারাপের বিষয়ে জানতে চাইলে তরুণ কুমার সরকার বলেন, প্রতিবছর একই ধরনের শিক্ষার্থী থাকে না, পরীক্ষার্থীদের মেধাও এক রকম হয় না। এটা প্রাকৃতিক নিয়ম। পাসের হার কিছুটা কমলেও এটা খুব বেশি পার্থক্য নয়।