পাঁচ বছরে সাংসদ আয়েনের আয় বেড়েছে প্রায় ১৭ গুণ

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনের এবারের আয় ও সম্পদ গতবারের নির্বাচনের সময়ের চেয়ে প্রায় ১৭ গুণ বেড়েছে। তিনি এবার হলফনামায় আনুমানিক বার্ষিক আয় দেখিয়েছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৭৫৭ টাকা। এই আয়ের প্রায় অর্ধেক মৎস্য চাষ থেকে এসেছে বলে দেখানো হয়েছে। দশম ও একাদশ সংসদ নির্বাচনে আয়েন উদ্দিনের দাখিল করা হলফনামা থেকে তাঁর আয় ও সম্পদ বৃদ্ধির এ তথ্য পাওয়া গেছে।
সুজনের (সুশাসনের জন্য নাগরিক) রাজশাহী এলাকা সমন্বয়কারী সুব্রত কুমার পাল বলেন, দশম সংসদ নির্বাচনের সময় মৎস্য খাত থেকে আয়ের ওপর কোনো কর দিতে হতো না। আয়কর রেয়াত পেতে কৃত্রিমভাবে অনেকেই এই খাতে আয় দেখিয়ে থাকেন।
দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন আয়েন উদ্দিন। এবার তাঁর আসনের সাংসদ হতে এক ডজনের বেশি নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত আয়েন উদ্দিনই মনোনয়ন পেয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আয়েনের বাড়ি মোহনপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামে।
দশম সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় আয়েন উদ্দিন বলেছিলেন, তাঁর মোট আয় ২ লাখ ৫০ হাজার টাকা। তবে একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় আয়েন উদ্দিন আনুমানিক বার্ষিক আয় দেখিয়েছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৭৫৭ টাকা।
দশম সংসদ নির্বাচনে আয়েনের হলফনামায় বলা হয়, তাঁর নিজ নামে কৃষিজমির পরিমাণ ২ বিঘা। কৃষি খাত থেকে বার্ষিক আয় ৫০ হাজার টাকা। আর এবারের হলফনামায় বলা হয়েছে, শুধু কৃষি খাত থেকেই আয়েনের বার্ষিক আয় ৩১ লাখ ৭০ হাজার টাকা। এবারের মোট আয় ৪৪ লাখ ৫৩ হাজার টাকার মধ্যে শুধু মাছ চাষ থেকেই আয় দেখানো হয়েছে ২০ লাখ টাকা। সঞ্চয়পত্র ও সাংসদ হিসেবে পাওয়া সম্মানী থেকে আয় দেখিয়েছেন ৭ লাখ ৭৫ হাজার ৫০৬ টাকা। আয়েন উদ্দিনের পাশাপাশি গত পাঁচ বছরে তাঁর স্ত্রীর আয়ও বেড়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য আয়েন উদ্দিনের মুঠোফোনে গত সোমবার একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।