পাঁচ বছরে সাজা পেয়েছেন ৭০৯ পুলিশ সদস্য: আইজিপি

গত ৫ বছরে বিভিন্ন অপরাধের জন্য ৭০৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভাগীয় ব্যবস্থা হিসেবে অপরাধী পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করাসহ বিভিন্ন শাস্তি রয়েছে। অবশ্য ২৯৩ জন পুলিশ সদস্যের সাজা আদালত মওকুফ করেছেন।
আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীতে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক এ কথা বলেন। তিনি বলেন, কিছু পুলিশ সদস্যের অসততা ও নৈতিক স্খলনজনিত অপরাধের কারণে পুরো বাহিনীর এত এত অর্জন ম্লান হওয়ার নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আইন না মানলে তাঁকে মারধর করা যাবে না। পুলিশ কেবল তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।
এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জঙ্গিবাদ রুখতে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ বাহিনী আছে। বাংলাদেশে নেই। এ কারণে জঙ্গিবাদ দমনে পুলিশের বিশেষায়িত ইউনিট চালুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২৬ জানুয়ারি সকাল ১০টায় পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সাহসিকতা ও সেবার জন্য মোট ১০২ জন সদস্যকে পদক দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোকলেসুর রহমান, মইনুর রহমান, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।