পাঁচ বছরে ১৩৫৬ জনকে বিনা মূল্যে আইনি সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গত পাঁচ বছরে ১ হাজার ৩৫৬ জনকে বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে এক কর্মশালায় গতকাল শনিবার এ তথ্য দেয় দিনাজপুর জেলা লিগ্যাল এইড।
সরকারি আইনি কার্যক্রমের সাফল্য ও বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়ে জেলা লিগ্যাল এইড এ সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। এতে সহায়তা করে সরকারি আইনি সেবার মানোন্নয়ন সহায়তা প্রদান প্রকল্প। এবারের স্লোগান ছিল ‘গরিব-দুঃখীর মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয়’। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ও দায়েরা জজ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা দিনাজপুর জেলা কমিটির চেয়ারম্যান হোসেন শাহীদ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জাহিরুল হক।
ওই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ মো. আখতার উল আলম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাহমুদুল করিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. রুহুল আমিন, উপসচিব (প্রশাসন-১) মো. মাহাবুবুর রহমান সরকার প্রমুখ।
কর্মশালায় জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী জজ মাহবুব আলী মুয়াদ বলেন, জেলা লিগ্যাল এইড কার্যক্রমের আওতায় ২০১০ সালে ১৫ জন, ২০১১ সালে ৫৮ জন, ২০১২ সালে ১১৭ জন, ২০১৩ সালে ২০৮ জন, ২০১৪ সালে ২০৮ জন ও ২০১৫ সাল ৭৫০ জন গরিব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আইনি সেবা দেওয়া হয়।
কর্মশালায় জাহিরুল হক বলেন, বিরোধ নিষ্পত্তি করতে আইনজীবীদের আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। সারা দেশে মামলার যে জট রয়েছে, তা কাটিয়ে উঠতে বিরোধ নিষ্পত্তির বিকল্প নেই। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।