প্রতিষ্ঠার পাঁচ বছর পার হলেও কুমিল্লা সিটি করপোরেশনে কোনো লোকবল নিয়োগ হয়নি। পৌরসভার জনবল দিয়েই চলছে করপোরেশনের কাজ। অতিরিক্ত দায়িত্ব পালন করে করে ক্লান্ত কর্মকর্তারা। নগরবাসীও প্রাপ্য সেবা থেকে বঞ্চিত।
কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনের অর্গানোগ্রাম অনুমোদন না হওয়ায় এই সংকট চলছে। পাঁচ বছরে তিন দফা অর্গানোগ্রাম প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু তা অনুমোদন না হওয়ায় পুরোনো লোকবল দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিটি করপোরেশনের কাজ।
বর্তমানে কুমিল্লা সিটি করপোরেশনে ১০৮ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে প্রথম শ্রেণির নয়জন, দ্বিতীয় শ্রেণির ছয়জন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ৯৩ জন। এর বাইরে মাস্টাররোলে কাজ করছেন ৬৫২ জন।
২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভা একীভূত করে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে দুই পৌরসভার জনবল দিয়ে চলছে সিটি করপোরেশনের কাজ। কয়েক দফা জনবল চেয়ে স্থানীয় সরকার বিভাগে আবেদন করা হয়। সর্বশেষ ২০১৫ সালের ২২ জুলাই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ সচিবের কাছে জনবল চেয়ে আবেদন করেন। এতে তিনি প্রথম শ্রেণির পদে ৮৩টি, দ্বিতীয় শ্রেণিতে ৭৯, তৃতীয় শ্রেণিতে ৫৮৬ ও চতুর্থ শ্রেণিতে ৩৭৯টি পদেরপ্রস্তাব করেন। একই সঙ্গে তিন ধাপে এই জনবল দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে ৪২১ জন, দ্বিতীয় পর্যায়ে ২৮৭ ও তৃতীয় পর্যায়ে ৩১৭ জন।
গত বৃহস্পতিবার নগর ভবনে গিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সিটি করপোরেশনের সচিব মো. হেলাল উদ্দিন তাঁর নিজ দায়িত্বের পাশাপাশি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সহকারী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়াও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি করছেন বস্তি উন্নয়ন কর্মকর্তার কাজ। আরেক সহকারী প্রকৌশলী মো. মাঈনউদ্দিন চিশতি নগর পরিকল্পনাবিদ ও প্রধান সম্পত্তি কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এ ছাড়া হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান রাজস্ব কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত আছেন।
নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, সিটি করপোরেশনের অন্যতম কাজ হলো নগরবাসীর স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় নিশ্চিত করা। কিন্তু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কোনো চিকিত্সকই নেই। ২০১৫ সালের ১৮ অক্টোবরের আগে থেকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পদ শূন্য। সচিব ওই পদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা, চিকিত্সা কর্মকর্তা, ল্যাবরেটরি সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের পদও খালি রয়েছে। সিটি করপোরেশনে একজন স্যানিটারি পরিদর্শক কেবল টিকা দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করছেন। এর বাইরে কনজারভেন্সি (ময়লা-আবর্জনা পরিষ্কার) কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, ভেটেরিনারি সার্জন, জনসংযোগ কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, ভান্ডার কর্মকর্তা, প্রধান তথ্য কর্মকর্তা ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার পদই নেই।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলার সম্পাদক আলী আকবর মাসুম বলেন, সিটি করপোরেশন প্রতিষ্ঠার পরপরই অর্গানোগ্রাম অনুমোদন করা দরকার ছিল। কিন্তু দেখা গেছে, মাস্টাররোলে কাজ করছেন ৬৫২ জন এবং স্থায়ী কর্মকর্তা ও কর্মচারী আছেন ১০৮ জন। মাস্টাররোলের শ্রমিক–কর্মচারী দিয়ে নগরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
জানতে চাইলে সিটি করপোরেশনের সচিব হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ম্যাজিস্ট্রেট (বিচারিক হাকিম) না থাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না। সেই সুযোগে অপরিকল্পিতভাবে ভবন ও মার্কেট করা হচ্ছে।