পাঁচ বছরেও খলসি সেতুর নির্মাণকাজ শেষ হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের খলসি সেতুর নির্মাণকাজ পাঁচ বছর ধরেও শেষ হয়নি। ফলে সেতুসংলগ্ন বিকল্প সড়ক এবং বিকল্প সড়কে স্থাপিত বেইলি সেতু দিয়ে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে।১১ ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোবিন্দগঞ্জ শহর থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত নির্মাণাধীন সেতুর জায়গায় কয়েকটি পিলার দাঁড়িয়ে আছে। উভয় পাশে রাখা কিছু নির্মাণসামগ্রী, পাথর ও বালুতে সড়ক ঢেকে গেছে। যানবাহনের চাপে বিকল্প সড়কটিরও বিধ্বস্ত অবস্থা। যানবাহন চলার সময় বেইলি সেতুটি দুলতে থাকে।গোবিন্দগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন জানান, দিনাজপুর, পঞ্চগড়, জয়পুরহাট ও গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ, সাপমারা, কাটাবাড়ি, রাজাহার, শাখাহার ও কামদিয়া ইউনিয়নের কয়েক লাখ মানুষ এ সড়ক দিয়ে গাইবান্ধা, বগুড়া ও ঢাকায় যাতায়াত করেন। এ ছাড়া এখান দিয়ে ট্রাকে করে মালপত্র দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে গাইবান্ধা ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় নেওয়া হয়। অথচ গুরুত্বপূর্ণ সেতুটি সংস্কারের জন্য সওজ বিভাগকে একাধিকবার আবেদন করলেও কোনো কাজ হয়নি।সড়ক ও জনপথ (সওজ) গাইবান্ধা কার্যালয় সূত্র জানায়, খলসি সেতু পুনর্নির্মাণে ২০০৬ সালে কার্যাদেশ দেওয়া হলে ওই বছরই নির্মাণকাজ শুরু হয়। প্রথম দফায় সেতুর নির্মাণকাজ পান ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হোসেন আলী। এতে নির্মাণব্যয় ধরা হয়েছিল এক কোটি ৩৬ লাখ টাকা। কিন্তু বরাদ্দ পাওয়া যায় মাত্র ৩০ লাখ টাকা, যা কয়েকটি পিলার নির্মাণ করতেই শেষ হয়ে যায়। এরপর প্রয়োজনীয় অর্থের অভাবে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এদিকে নির্মাণব্যয়ও কয়েকগুণ বেড়ে যায়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করায় কার্যাদেশ বাতিল করা হয়। ২০০৯ সালে দ্বিতীয় দফায় দুই কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণকাজের দায়িত্ব পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ শিল্পি লিমিটেড।উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের স্কুলশিক্ষক সাধন চন্দ্র জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন কর্মস্থলে যেতে হয়। কিন্তু পাঁচ বছর ধরে নির্মাণকাজ বন্ধ। কেবল চলতি বছরের আগস্টে পিলার নির্মাণের জন্য বালু ও পাথর আনা হয়। মাত্র তিন-চার দিন কাজ করার পর গত চার মাস ধরে কাজ বন্ধ। সেতুটির নির্মাণের দায়িত্বে নিয়োজিত নির্মাণ শিল্পি লিমিটেডের কর্মকর্তা আশরাফ আলী জানান, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় নির্মাণকাজ শেষ করা যাচ্ছে না।সওজ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী এম এম সেলিম কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ অস্বীকার করে জানান, অর্থ বরাদ্দ না থাকায় ও কারিগরি সমস্যার কারণে নির্মাণকাজ বন্ধ ছিল। দ্বিতীয়বার দরপত্র আহ্বান করার পরও কোনো অর্থ বরাদ্দ হচ্ছে না। তার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ শিল্পি লিমিটেড প্রায় ৩০ লাখ টাকার কাজ করেছে। তিনি আরও জানান, অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।