পাঁচ বছরেও খোঁজ মেলেনি রিয়াজ ও নুহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর আগে ২০১১ সালের ১১ মে রাজধানীর ওয়ারীর বাসা থেকে ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বের হয়েছিলেন ১৭ বছরের রিয়াজ উদ্দীন (হৃদয়)। একই দিন নিখোঁজ হন তাঁর বান্ধবী এসএসসি পড়ুয়া নুহা আহমেদ। কিন্তু আজও খোঁজ মেলেনি তাঁদের।
একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা বিলকিস বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘শুরুর দিকে পুলিশ এটিকে নিছক ছেলে ও মেয়ের প্রেমঘটিত ব্যাপার হিসেবে ধরে নিয়েছিল। বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিন্তু এখন পুলিশ আন্তরিক হয়েছে ঠিকই, ছেলের কোনো খোঁজ তো বের করতে পারেনি।’
ধানমন্ডির ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের ফার্মাসি বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন রিয়াজ। তিনি ও তাঁর বান্ধবী নুহা নিখোঁজ হওয়ার পর দুই পরিবারের পক্ষ থেকেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা হয়।
এর মধ্যে নুহার পরিবার রিয়াজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে মামলা করে, সেটাতে পুলিশ রিয়াজের আত্মীয়স্বজনের নামে অভিযোগপত্র দিলেও ছেলেমেয়ে দুটির কোনো খোঁজ বের করতে পারেনি।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে নুহার পরিবার বলেছে, রিয়াজ ও নুহা মোবাইল ফোনে কথা বলতেন। নুহা নিজে রিয়াজের সঙ্গে সম্পর্কের বিষয়টি পরিবারকে জানান। তাঁরা প্রায়ই মিরপুর বেড়িবাঁধের দিকে বেড়াতে যেতেন।
একই বিষয়ে রিয়াজের মামা মাসুম আলী যে মামলাটি করেছেন, সেটির এখনো তদন্ত চলছে। মামলাটির তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহাবুবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, তিনি তদন্তের দায়িত্ব পাওয়ার পর রিয়াজের পরিবারের সঙ্গে কথা বলেছেন, যোগাযোগ রাখছেন। তাঁরা ছেলেটিকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনো।
রিয়াজের মামা মাসুম আলী বলেন, ‘একটি টি-শার্ট ও জিনসের প্যান্ট পরে বাসা থেকে বের হয়েছিল রিয়াজ। পকেটে ছিল কেবল কয়েক শ টাকা। এমনকি বিশ্ববিদ্যালয়ের ফি বাবদ বাসা থেকে রিয়াজকে যে টাকা দেওয়া হয়েছিল, সেই টাকাও তার পড়ার টেবিলের ড্রয়ারে পাওয়া গেছে। রিয়াজের যে বান্ধবী আছে, তা-ও পরিবার জেনেছে নিখোঁজ হওয়ার পর।’ তিনি বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়েছে, কিন্তু কোনো খোঁজই মেলেনি। এখন ভাগ্যের ওপর সবকিছু ছেড়ে দিয়েছেন তাঁরা।