পাঁচ বছরেও গাইবান্ধায় চালু হয়নি রামসাগর ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে গাইবান্ধার বোনারপাড়া-দিনাজপুর রেলরুটে রামসাগর নামের একটি মেইল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে এই রুটে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
গাইবান্ধা রেলস্টেশন ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ট্রেনটি বগুড়ার সান্তাহার-লালমনিরহাট রেলরুটের বোনারপাড়া থেকে গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করত। ট্রেনটি গাইবান্ধা থেকে মাত্র সাড়ে চার ঘণ্টায় দিনাজপুর যেত। ভাড়াও ছিল কম। ২০১১ সালের জুলাই মাসে ট্রেনটির চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে প্রায় পাঁচ বছর ধরে গাইবান্ধাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন।
ওই রেলপথে চলাচলকারী কয়েকজন যাত্রী বলেন, নদীভাঙনকবলিত গাইবান্ধা অঞ্চলের অসংখ্য মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এসব মানুষের কাছে কম ভাড়া ও নির্দিষ্ট সময়ে চলাচলের কারণে ট্রেনটি জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই ট্রেনটির চলাচল বন্ধ করে দেয়। এ কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
গাইবান্ধা আদর্শ কলেজের শিক্ষক জিয়াউল হাফিজ বলেন, গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের আট জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে। এ কারণে গাইবান্ধার স্কুল-কলেজের শিক্ষকদের প্রায়ই দিনাজপুর যেতে হয়। ওই ট্রেনটি সকালে গাইবান্ধা থেকে রওনা দিয়ে মাত্র সাড়ে চার ঘণ্টায় দিনাজপুরে পৌঁছাত। গাইবান্ধা থেকে দিনাজপুরের ভাড়াও ছিল মাত্র ৩০ টাকা। পক্ষান্তরে বাসযোগে একই সময় লাগলেও ভাড়া ২০০ টাকা। এ ছাড়া গাইবান্ধা থেকে দিনাজপুরে যাতায়াতের পর্যাপ্ত বাসও নেই। তাই ট্রেনটি চালু জরুরি হয়ে পড়েছে।
গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ট্রেনযোগে গাইবান্ধার মানুষ কেবল দিনাজপুরেই যায় না, রংপুরেও যাতায়াত করে। কারণ, উত্তরাঞ্চলের অন্যতম চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাঁরা অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগী নিয়ে যেতে পারেন না, তাঁদের জন্য ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ ছাড়া রংপুর বিভাগ হওয়ার পর দাপ্তরিক কাজেও সেখানে (রংপুর) যেতে হচ্ছে। গাইবান্ধা থেকে রংপুরের ভাড়া মাত্র ১৫ টাকা। সময় লাগে দুই ঘণ্টা। অথচ ট্রেনটি বন্ধ করে সাধারণ যাত্রীদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
গাইবান্ধা জেলা সিপিবির সম্পাদক মিহির ঘোষ বলেন, ট্রেনটি চালুর দাবিতে সিপিবি ও বাসদের যৌথ উদ্যোগে সমাবেশ, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও সড়ক ও সেতুমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
এ বিষয়ে গাইবান্ধার স্টেশনমাস্টার আবুল কাশেম গত শনিবার বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ট্রেনটি চালুর জন্য রেলওয়ের লালমনিরহাট বিভাগকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।