পাঁচ বছরেও চার আসামির ঠিকানা পায়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের ৭ আগস্ট হালিশহর জে ব্লক এলাকায় মাসউদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চাচা নোয়াব আলী চৌধুরী বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে হালিশহর থানায় হত্যা মামলা করেন। প্রথমে মামলাটি হালিশহর থানার পুলিশ তদন্ত করে। এক বছর পর মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা (ডিবি) পুলিশে আসে। তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল করিম ২০১৫ সালের ২৮ মে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন।

মূল আসামিদের বাদ দেওয়ায় অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেয় মাসউদের পরিবার। আদালত তা মঞ্জুর করে ওই বছরের ২৯ জুলাই মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

আদালতে জমা দেওয়া সিআইডির অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, মাসউদ চৌধুরী হালিশহর জে ব্লক এলাকায় একটি মেসে থাকতেন। মেসের পাশে জাফর ইসলাম নামের এক ব্যক্তির একটি মুদির দোকানে বসে মাঝেমধ্যে আড্ডা দিতেন। ২০১২ সালের ৫ আগস্ট তরল দুধ সরবরাহকারী মহিউদ্দিন কাদেরের সঙ্গে ওই মুদিদোকানির হাতাহাতি হয়। এর জের ধরে একই বছরের ৭ আগস্ট রাত সাড়ে আটটার দিকে আসামি মহিউদ্দিন কাদেরের নেতৃত্বে ওই দোকানে হামলা চালানো হয়। দোকানদার জাফরকে না পেয়ে ৮ থেকে ১০ জন আসামি মাসউদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

অভিযোগপত্র আসামি করা হয় মহিউদ্দিন কাদের, সাইফুল ইসলাম, আবদুল খালেক, মো. গণি, ফয়সাল মাওলা, জাফর ইসলাম, মো. রিয়াদ (এরা গ্রেপ্তার হয়ে জামিনে রয়েছেন), বাকি পলাতক আট আসামি হলেন শাহাদাত হোসেন, মো. দুলাল, মো. রুবেল, সিটি রুবেল, মইন উদ্দিন, মো. টিটু, মো. সোহেল ও মো. রিপনসহ ১৫ জনকে আসামি করা হয়।

 অভিযোগপত্রে আসামি জাহিদুল ওরফে চশমা বাবু, মাহফুজ, শামীম, মুন্না ও আলমগীরকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। এতে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, তদন্তে ঠিকানা উদ্‌ঘাটিত না হওয়ায় অব্যাহতি দেওয়া হলো। ঠিকানা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি চট্টগ্রামের পরিদর্শক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, সাক্ষ্য-প্রমাণে যাদের বিরুদ্ধে খুনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের আসামি করা হয়েছে।

নিহত মাসউদের বাবা স্কুলশিক্ষক আনোয়ার চৌধুরী বলেন, পাঁচ বছর তদন্ত করেও পুলিশ আসামির ঠিকানা বের করতে পারেনি। এটা খুব দুঃখজনক।